
শেষ আপডেট: 27 October 2023 20:52
দ্য ওয়াল ব্যুরো: রেড রোডে জমকালো কার্নিভালের অনুষ্ঠানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীরা উপস্থিত আছেন সেখানে। শুধু নেতা-মন্ত্রী নন, কার্নিভালের মঞ্চে রয়েছেন বেশ কয়েকজন তারকাও। কিন্তু সেই মঞ্চে দেখা গেল না রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। রেড রোডে কার্নিভাল যখন হচ্ছে, তখন তার অদূরেই রাজভবনে এক অনুষ্ঠানে দেখা গেল রাজ্যপালকে। তিনি কি কার্নিভালে আমন্ত্রণ পাননি? সাংবাদিকদের প্রশ্নে রাজ্যপাল বললেন, 'আমি মনে প্রাণে আছি কার্নিভালে।'
রাজভবন সূত্রে খবর, এবারের কার্নিভাল অনুষ্ঠানে আমন্ত্রণই নাকি পাননি রাজ্যের সাংবিধানিক প্রধান। যদিও সেই আমন্ত্রণ পাওয়া না পাওয়া নিয়ে এদিন কোনও মন্তব্য করতে চাননি রাজ্যপাল। তিনি শুধু বলেন, আমি মনে প্রাণে কার্নিভালের সঙ্গে আছি। আমার মনে আছে পুজো কার্নিভাল।'
বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস। রাজ্য সরকারের অভিযোগ, বিধানসভায় পাশ হওয়া অনেক বিলে সই না করে আটকে রেখেছেন রাজ্যপাল। এমনকী রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়েও দুই পক্ষের সংঘাতের ছবি দেখেছে রাজ্যবাসী। উচ্চ শিক্ষা দফতরের অভিযোগ, রাজ্যপাল কোনও আলোচনা ছাড়াই নিজের পছন্দের ব্যক্তিকে উপাচার্য হিসেবে বসাচ্ছেন। রাজ্যপালের পাল্টা অভিযোগ, রাজ্য সরকার কোনওরকম সাহায্য করছে না।
এই আবহের মাঝেই দুর্গাপুজোর মরশুমে দুটি ছবি সামনে আসে। এক, পুজোর আগে রাজভবনে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সৌজন্য সাক্ষাৎ। দুই, অষ্টমীতে কুণালের পুজোতে রাজ্যপালের অঞ্জলি দেওয়া। যা দেখে রাজনৈতিক মহল বলতে শুরু করেছিল, উৎসবের মরশুমে রাজ্য ও রাজ্যপালের সম্পর্কের বরফ গলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত বলেছিলেন, কুণালের পুজোয় গিয়ে ঠিক করেননি রাজ্যপাল!
শুক্রবারের কার্নিভালে রাজ্যপালের ডাক না পাওয়ার জল্পনা ও তাঁর অনুপস্থিতি ফের পুরনো দ্বন্দ্বের ছবিই স্পষ্ট করল। অতীতে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেই সময়ও ধনখড়কে আমন্ত্রণ জানানো হয়েছিল রেড রোডে পুজোর কার্নিভালে। কিন্তু এবার সেই ছবি দেখা গেল না।