
রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 6 May 2024 20:54
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বললেন, ‘‘আমাকে নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে। রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিগিরি সহ্য করব না।’’
গত সপ্তাহে শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল বিভিন্ন প্রচার কর্মসূচি থেকে আক্রমণ শানিয়েছেন। ওই ঘটনার পরই রাজ্যপাল বিশেষ কাজে কোচি গিয়েছিলেন। আজ, সোমবার কলকাতায় ফিরেছেন তিনি। সোমবার সন্ধেয় কোচি থেকে কলকাতায় ফিরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন। আমি যতই রাজনীতির উর্দ্ধে থাকতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ততই রাজনীতিতে টেনে আনছেন।”
রাজ্যপাল বলেন, আমি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক ভাল কথা বলেছি। সেই জায়গা থেকে আমি সরছি না। তবে আমি বরাবরই বলেছি, যে এই ধরনের রাজনীতি আমি বুঝি না। রাজ্যপাল আরও বলেন, আমার বিরুদ্ধে যে ধরনের অবমাননাকর কথা উনি বলেছেন, তা কিছুতেই বরদাস্ত করা যায় না।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য, “রাজ্যপালের পদ অরাজনৈতিক। আমার মনে হয় আমিও রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করেছি। কিন্তু আমি দুঃখিত যে আমাকে রাজনীতিতে টেনে নামানো হচ্ছে। বিশেষ করে এমন একটা সময়, যখন নির্বাচন চলছে।”