
শেষ আপডেট: 20 August 2023 05:08
দ্য ওয়াল ব্যুরো: চুৃঁচুড়ায় (Chinsura) ক্রিকেটের স্কোরার (Cricket scorer) তৈরির কর্মশালা (coaching) হচ্ছে। এটি এক অভিনব ভাবনা। এখন সারা বছর ক্রিকেট, দেশ বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ হতে থাকে। প্রচুর খেলা। ৩৬৫ দিন খেলছেন ক্রিকেটাররা। তেমনি স্কোরিং আম্পায়ারিং এর মত প্লেয়ার্স কন্ট্রোল টিমের সদস্য হয়েও ভবিষ্যত গড়তে পারছেন অনেকে।
চুঁচুড়া রবীন্দ্রভবনে শনিবার থেকে শুরু হওয়া শিবির চলবে সোমবার পর্যন্ত। বিসিসিআই স্কোরার কৌশিক সাহা প্রয়াত হন বছর তিনেক আগে। তাঁর হাত ধরে অনেক স্কোরার তৈরি হয়েছে। যারা এখন সিএবি, বিসিসিআইয়ের ম্যাচে স্কোরিং করছেন। যাদের মধ্যে অন্যতম সূর্য পান্ডা।
চুঁচুড়া খরুয়া বাজারে সামান্য মুদিখানা দোকানে কাজ করে দেশ বিদেশের খেলায় স্কোরিং এর দায়িত্ব সামলাচ্ছেন সূর্য।
দুবাই আইপিএল থেকে শুরু করে এখন প্রতিটা আইপিএলে স্কোরার সূর্য। চুঁচুড়া মাঠে কৌশিক সাহার কাছে স্কোরিং এ হাতেখড়ি হয় তাঁর। এখন সূর্যকে দেখেই অনেকেই স্কোরার হতে চান।
শিবিরে যারা শিখতে এসেছেন তারাও চান ভবিষ্যতে ভাল স্কোরিং শিখে আইপিএলের মত লিগ, দেশ বিদেশের ম্যাচে স্কোরিং করতে। ইউনিয়ন এসি ক্লাবের সভাপতি বিভাস সরকার বলেন, 'কৌশিক আমাদের ক্লাবের সম্পাদক ছিল। তাঁর স্মৃতিতে এই শিবির আমরা আয়োজন করছি।'
প্রায় পঞ্চাশজন নতুন স্কোরার এই শিবিরে যোগ দিয়েছেন। তিনদিনের শিবিরে বিসিসিআইয়ের স্কোরার আম্পায়াররা শেখাবেন কী করে স্কোরিং করতে হয়। মাঠে খেলা চলার সময় আম্পায়ারের সিগন্যাল বুঝে কী করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়। প্রয়োজনে বল কাউন্ট থেকে অন্যান্য বিষয়ে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করা যায়। নির্ভুল স্কোরিং শিখতে হাতে কলমে শেখানোর পাশাপাশি প্রোজেক্টারের ব্যবহারও হবে।
স্কোরার সূর্য পান্ডা বলেন, প্রত্যেক জেলা থেকে যেমন ক্রিকেটার উঠে আসছে সেরকম স্কোরারও উঠে আসবে এধরনের শিবির থেকে। যারা ক্রিকেট ভালোবাসেন তারা এটাকে পেশা হিসাবেও নিতে পারেন। তিনদিনের শিবির শেষে পরীক্ষার পর শংসাপত্র দেওয়া হবে।
এশিয়া কাপের আগে বাংলাদেশের অভিনব প্রস্তুতি, আগুনের ওপর দিয়ে হাঁটছেন নঈম শেখ!