
বনগাঁ স্টেশনে ঢোকার মুখে রেল লাইনে ফাটল।
শেষ আপডেট: 7 December 2024 11:17
দ্য ওয়াল ব্যুরো: রেল রেললাইনে ফাটলের জেরে শনিবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে শিয়ালদহর বনগাঁ শাখায়। ইতিমধ্যে রেলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় লাইন সারানোর কাজ শুরু করেছেন। তবে ব্যস্ত সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় বনগাঁ-শিয়ালদহ রুটের হাজার হাজার যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েছেন।
কীভাবে লাইনে ফাটল ধরল, তা অবশ্যই স্পষ্ট নয়। তবে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষার স্বার্থেই আপাতত আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
জানা যাচ্ছে, সকাল নটা পঞ্চাশ মিনিট নাগাদ স্টেশনে ঢোকার মুখে লাইনের ফাটলটি চোখে পড়ে রেলকর্মীদের। এরপর থেকেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
গোটা ঘটটনায় ক্ষুব্ধ রেলযাত্রীরা। তাঁদের কথায়, কয়েক মাস আগেই বনগাঁ লাইন মেরামতের কাজ করা হয়েছিল। তা সত্ত্বেও কীভাবে লাইনে ফের ফাটল দেখা দিতে পারে? এ ব্যাপারে রেলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে দ্রুত লাইন মেরামতের কাজ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
এদিকে বনগাঁ-শিয়ালদহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী। উপয়ান্তর না থাকায় অনেকেই বাস বা অ্যাপ নির্ভর ক্যাবে করে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।