.webp)
ধৃত সিপিএম নেতা।
শেষ আপডেট: 19 May 2024 12:09
দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে বাংলাদেশের কয়েক লক্ষ টাকা-সহ সিপিএমের এক নেতাকে গ্রেফতার করল বিএসএফ।
বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃত সিপিএম নেতার নাম শহিদুল ইসলাম। তাঁর কাছ থেকে বাংলাদেশের ৩ লক্ষ ৬০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে সীমান্তরক্ষী বাহিনী। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়।
বিএসএফ ও স্থানীয় সূত্রের খবর, গত পঞ্চায়েত ভোটে সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন শহিদুল। ২০ মে পঞ্চম দফায় ভোট রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। তার আগে সিপিএম নেতার কাছ থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ধৃত সিপিএম নেতার সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ।
জানা গেছে, শনিবার বিকেলে গোপন সূত্রে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়নের কাছে সীমান্তে টাকা পাচারের খবর আসে। এরপরই হাকিমপুর চেকপোস্টে তল্লাশিতে নামেন জওয়ানরা। ধৃত সিপিএম নেতা শহিদুলের বাড়ি স্বরূপনগরেরর বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী এলাকায়। বিএসএফের দাবি, বাইক-সহ ওই নেতাকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বাংলাদেশের ৩ লাখ ৬০ হাজার টাকা।