
শেষ আপডেট: 2 October 2022 11:02
দ্য ওয়াল ব্যুরো: পুজোয় উৎসবের ‘সহজপাঠ’ শেখাচ্ছে সিপিএম। রবীন্দ্রনাথের সহজপাঠকে আন্দোলনের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং সিপিএম (CPIM) যে উৎসবের মধ্যেও আন্দোলনের মধ্যেই রয়েছে, সেই বার্তাই দেওয়া হয়েছে নতুন ওই সহজপাঠে। যাতে ‘ছোট খোকা বলে অ–আ, শেখেনি সে কথা কওয়া’ হয়েছে ‘ছোট খোকা বলে অ–আ, হক কথা সোচ্চারে কওয়া।’
পুজো (Durga Puja 2022) মানেই কলকাতায় বিভিন্ন ছড়া, ক্যাপশনের ছড়াছড়ি। দুবছর পর বাধানিষেধহীন পুজোয় মেতেছে বাঙালি। আর তারমধ্যে সহজপাঠকে ব্যবহার করে বাংলার রাজনীতির বিভিন্ন দিককে ফুটিয়ে তোলা হয়েছে। উঠে এসেছে গরু পাচার, কয়লা, চাকরি দুর্নীতির মতো বিষয়। যেমন, ‘মুঠো হাতে এ ঐ, চাকরিটা আনবোই।’ বা, ‘চ ছ জ ঝ দলে দলে, কাজ চেয়ে লড়ে চলে।’
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বললেন, ‘পার্টির অল্পবয়সী ছেলে–মেয়েরা ওই সহজপাঠ তৈরি করেছেন। আমরা মানুষের সঙ্গে সবসময় জনসংযোগ রাখার চেষ্টা করি। সেটা উৎসবের সময় হলেও। তাই এই প্রচেষ্টা। তবে এটা আলাদা করে উৎসবের জন্য করা হয়নি।’
চাকরির দাবিতে পুজোর মধ্যেও গান্ধী মূর্তির নীচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন একদল যুবক–যুবতী। তাঁদের বাড়ি গিয়ে পুজো কাটানোর কথা বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিষয়টিতে সুজন বললেন, ‘আগে ব্রাত্য বসুকে বলুন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে।’