
শেষ আপডেট: 20 November 2022 05:40
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সরকারি হাসপাতালগুলির (Hospital) অব্যবস্থা নিয়ে ইতিমধ্যে একাধিকবার প্রশ্ন উঠেছে। রোগীর পাশে কুকুর শুয়ে থাকার ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার সেই রাজ্যের সরকারি হাসপাতালের আইসিইউতে (ICU) ঢুকে পড়ল গরু (Cow)। মনের সুখে ঘুরে বেড়ালো এপ্রান্ত থেকে ওপ্রান্ত। ডাস্টবিনে মুখ ঢুকিয়ে খেল উচ্ছিষ্ট, আবর্জনা। এদিকে গরু দেখে গুঁতোর ভয়ে হুড়োহুড়ি শুরু করে দেন রোগীর আত্মীয়-পরিজনরা।
শুক্রবার এমনই একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এরপরেও হেলদোল নেই কারও। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। শারীরিক অবস্থা অত্যন্ত জটিল হলে রোগীদের ভর্তি করা হয় আইসিইউ বিভাগে। সেখানে গরু কীভাবে ঢুকে পড়ায় স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
রোগীর পরিজনরা জানিয়েছেন, হাসপাতালে ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তারক্ষীর ব্যবস্থা রয়েছে, কিন্তু অধিকাংশ সময়ই তাদের দেখা মেলে না। পাশাপাশি ওই এলাকায় গরুর উপদ্রব থাকায় দু'জন ব্যক্তিকে গরু তাড়ানোর কাজে নিয়োগ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এই ঘটনার দিন তাঁদেরও পাত্তা পাওয়া যায়নি।
বিজেপি শাসিত এই রাজ্যের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রভুরাম চৌধুরীকে আইসিইউতে গরু ঢুকে পড়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। সব কিছু আগে জানবেন, তারপর এই নিয়ে কথা বলবেন। অন্যদিকে জেলা হাসপাতালের সিভিল সার্জন ডঃ রাজেন্দ্র কাতারিয়া বলেন, 'আমাদের পুরনো কোভিড আইসিইউ ওয়ার্ডে ঢুকে পড়েছিল গরুটি। ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে।'
মেহরৌলীর জঙ্গলে উদ্ধার কবজি-ঊরুর হাড়! শ্রদ্ধার দেহের পাজেল এক এক করে জুড়ছে দিল্লি পুলিশ