দ্য ওয়াল ব্যুরো : গোবর দিয়ে তৈরি একটি চিপ মোবাইল হ্যান্ডসেটের রেডিয়েশন কমাবে। তা মোবাইল ব্যবহারকারীকে রক্ষা করবে অনেক রোগ থেকে। মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগের সভাপতি বল্লভভাই কাথিরিয়া। এদিন তিনি 'কামধেনু দীপাবলী অভিযান' নামে এক প্রকল্পের সূচনা করেন। তার উদ্দেশ্য, গোবর দিয়ে তৈরি নানা পণ্যের ব্যবহার বাড়ানো। সেই উপলক্ষে কাথিরিয়া বলেন, "গোবর সকলকেই রক্ষা করতে পারে। একথা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। গোবর দিয়ে তৈরি রেডিয়েশন চিপ রেডিয়েশন কমাতে পারে। তা অনেক রোগ থেকে রক্ষা করতে পারে।"
https://twitter.com/ANI/status/1315845553456988160
গোবর দিয়ে তৈরি সেই চিপের নাম 'গৌস্তব কবচ'। রাজকোটের শ্রীজি গোশালায় তা তৈরি হয়েছে। ২০১৯ সালে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ তৈরি হয়। গরুদের সুরক্ষা ও সংখ্যাবৃদ্ধির উদ্দেশ্যে ওই সংস্থা তৈরি হয়েছিল। কাথিরিয়া এদিন সাধারণ মানুষের কাছে আবেদন জানান, দেওয়ালিতে চিনের তৈরি দিয়া বর্জন করুন।
গত মার্চে করোনা অতিমহামারী শুরু হওয়ার সময়েই অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া করোনাভাইরাসের অভিনব ‘প্রতিষেধকের’ কথা বলেছিলেন। তাঁর মতে গোমূত্র ও গোবর করোনাভাইরাসের মোকাবিলায় কাজে লাগতে পারে। তাঁর কথায়, “আমরা জানি, গোমূত্র খুব উপকারী জিনিস। কোথাও গোমূত্র ছড়িয়ে দিলে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়। আমি মনে করি করোনাভাইরাস রুখতেও গোমূত্র ও গোবর কার্যকরী হতে পারে।”
কিছুদিন আগে জানা যায়, তেলঙ্গানায় বিক্রি হচ্ছে গোবর দিয়ে তৈরি করোনা রাখি। দোকানের মালিক আকাশ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, “এই বছরে করোনা মহামারীর জন্য রাখি বিক্রি এমনিতেই বেশ কম। আমি তাই চেয়েছিলাম নতুন কিছু করতে যেটা ক্রেতাদের আকৃষ্ট করবে। সেই জন্য এই বছরে আমি গোবর দিয়ে তৈরি করোনা রাখি রেখেছি আমার কালেকশনে। অনেকেই সেটা পছন্দ করেছেন এবং কিনেছেন।”
কয়েক মাস আগে রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের প্রকোপ রুখতে ‘গোমূত্র পার্টি’ করে অখিল ভারত হিন্দু মহাসভা। সেই পার্টির ছবি ও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, গ্লাসের পর গ্লাস গোমূত্র পান করছেন বিভিন্ন মানুষ! এরপরে জানা যায়, ডানকুনিতে গোবর ও গোমূত্র বিক্রি করছেন এক ব্যবসায়ী। তাঁর নাম শেখ মাহমুদ আলি।
ওই ব্যবসায়ীর দাবি, এই গোমূত্র যদি মানুষ সেবন করে ও গোবর গায়ে মাখে, তাহলে করোনাভাইরাসের আক্রমণ থেকে অনেকটাই দূরে থাকা সম্ভব হবে। এদিন দোকানের সামনে বেশ কিছু মানুষের ভিড়ও দেখা যায়। অনেকেই চেখে দেখেন গোমূত্র, কেউ কেউ কিনেও ফেলেন। দিনের আলোয়, সর্বসমক্ষে এমন লোকঠকানো কারবারের কথা সামনে আসার পরে হতভম্ব সকলে। খবর পেয়েই অবশ্য ওই ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় পুলিশ।