দ্য ওয়াল ব্যুরো : রবিবার সকালে বিশেষজ্ঞরা বলেন, এদিন দিল্লিতে (Delhi) ৩ হাজারের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হতে পারেন। এরপর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal) আবেদন জানালেন, "ভয় পাবেন না (Don't Panic)।" এক ভাষণে তিনি বলেন, "দিল্লিতে কোভিড সংক্রমণ বাড়ছে দ্রুত হারে। বর্তমানে শহরে অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৩৬০। আজ সম্ভবত ৩১০০ জন নতুন করে আক্রান্ত হবেন।" এর পরে তিনি বলেন, শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ২৪৬ জন। নতুন করে যাঁরা কোভিডে আক্রান্ত হচ্ছেন, বেশিরভাগের উপসর্গ খুব মৃদু, অথবা একেবারেই নেই।
একইসঙ্গে কেজরিওয়াল বলেন, কোভিডের দ্বিতীয় ওয়েভের তুলনায় তৃতীয় ওয়েভের তীব্রতা অনেক কম। তাঁর কথায়, "বর্তমানে বিভিন্ন হাসপাতালের অক্সিজেন বেডে মাত্র ৮২ জন ভর্তি আছেন। দিল্লি সরকার ৩৭ হাজার বেড তৈরি রেখেছে। আমি শহরবাসীকে বলতে চাই, কোভিড আক্রান্তরা হয় অ্যাসিম্পটোম্যাটিক অথবা তাঁদের উপসর্গ মৃদু। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই।"
নির্দিষ্ট তথ্য দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, দ্বিতীয় ওয়েভের তুলনায় এবার কমসংখ্যক কোভিড রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসঙ্গে মানুষকে সতর্ক করে তিনি বলেন, ২৯ ডিসেম্বর শহরে অ্যাকটিভ কেসের সংখ্যা ছিল ২ হাজার। ১ জানুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার। এই সময়ের মধ্যে অবশ্য হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কমেছে। তা থেকে বোঝা যায়, দ্বিতীয় ওয়েভের তুলনায় তৃতীয় ওয়েভ কম বিপজ্জনক।
শনিবার রাজধানীতে কোভিডে আক্রান্ত হন ২৭১৬ জন। ২৪ ঘণ্টার মধ্যে সংক্রমণ বৃদ্ধি পায় ৫১ শতাংশ। ২১ মে-র পরে শহরে একই দিনে এত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হননি। দিল্লি, হরিয়ানা ও আরও কয়েকটি রাজ্যে কোভিড ঠেকাতে চালু হয়েছে নাইট কার্ফু। দেশের মোট ২৩ টি রাজ্যে কোভিডের অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়ান্টের সন্ধান মিলেছে।