দ্য ওয়াল ব্যুরো: শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে লকডাউনের মেয়াদ আরও দু'সপ্তাহ বাড়ানোয় সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই মার্চ ও এপ্রিল মাসের প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা ৩০ দিন বাড়িয়ে দিল জীবন বিমা নিগম তথা এলআইসি। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত এই বিমা সংস্থার তরফে বলা হয়েছে, কোনও গ্রাহক যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান, তাঁর পরিবার টাকা দাবি করলে জরুরি ভিত্তিতে তা মিটিয়ে দেবে সংস্থা।
শনিবার এলআইসি কর্তৃপক্ষ তাদের প্রেস বিবৃতিতে বলেছে, আগেই ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে করা হয়েছিল ২২ মার্চ। তা আরও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারির প্রিমিয়াম দেওয়ার শেষে তারিখ ১৫ এপ্রিল ঘোষণা করা হয়েছে।
এলআইসির ওয়েবসাইটে ডিজিটাল পেমেন্ট অপশনে গিয়ে প্রিমিয়াম জমা দিতে পারবেন গ্রাহকরা। এর জন্য আলাদা কোনও সার্ভিস চার্জ দিতে হবে না গ্রাহককে। নতুন করে রেজিস্ট্রেশন করারও কোনও ব্যাপার নেই। নাম, ঠিকানা, পলিসি নম্বরের মতো সাধারণ তথ্য দিলেই সরাসরি প্রিমিয়াম জমা দেওয়া যাবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, পেটিএম, ফোন পে, গুগল পে, বিএইচআইএম বা ইউপিআইয়ের মাধ্যমেও জমা দেওয়া যাবে প্রিমিয়াম।
লকডাউনে খোলা রয়েছে ব্যাঙ্ক। তাই এলআইসির তরফে বলা হয়েছে, যে গ্রাহকরা ডিজিটাল পেমেন্ট করতে পারবেন না তাঁরা অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইডিবিআই ব্যাঙ্কের যে কোনও শাখায় নগদ টাকা জমা দিতে পারবেন।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে তাঁর পরিবারকে টাকা পাওয়ার জন্য কোনও সময় নষ্ট করতে হবে না বলে জানিয়েছে এলআইসি। ইতিমধ্যেই সরকারি তথ্য দেখে সেই কাজ এলআইসি আধিকারিকরা করছেন বলেও দাবি করা হয়েছে বিমা সংস্থাটির তরফে। এলআইসি আরও জানিয়েছে, লকডাউনের মধ্যে যদি কোনও গ্রাহকের পলিসি ম্যাচিউর হওয়ার বিষয় থাকে তাহলে নির্ধারিত দিনেই নির্দিষ্ট অঙ্কের টাকা সংশ্লিষ্ট গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।