কলকাতা মেডিক্যালের সব আউটডোর পরিষেবা বন্ধ, ১৮৫ বছরের ইতিহাসে এই প্রথম
দ্য ওয়াল ব্যুরো: ১৮৫ বছরের ইতিহাসে এই প্রথম। বন্ধ হয়ে গেল কলকাতা মেডিক্যাল কলেজের সব আউটডোর পরিষেবা। করোনার চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে পুরোপুরি কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহার করার কথা বুধবারই টুইট করে বলেছিলেন মুখ্যমন্ত
শেষ আপডেট: 8 May 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: ১৮৫ বছরের ইতিহাসে এই প্রথম। বন্ধ হয়ে গেল কলকাতা মেডিক্যাল কলেজের সব আউটডোর পরিষেবা। করোনার চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে পুরোপুরি কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহার করার কথা বুধবারই টুইট করে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, তারই প্রতিফলন দেখা গেল। দেশে এই প্রথম করোনা চিকিৎসার জন্য কোনও সরকারি মেডিক্যাল কলেজের যাবতীয় আউটডোর পরিষেবা বন্ধ করে দেওয়া হল। স্বাস্থ্যভবনের তরফে হাসপাতালের সমস্ত বিভাগীয় প্রধানকে চিঠি দিয়ে এই কথা জানানো হয়েছে।
সোমবার থেকেই বন্ধ থাকছে সমস্ত ওপিডি। তাহলে কী কী খোলা থাকবে? ফিভার ক্লিনিক চালু থাকবে। সেই সঙ্গে খোলা থাকবে এইচআইভি নিয়ন্ত্রণের এআরটি সেন্টার। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, জরুরি বিভাগ খোলা থাকবে। এমার্জেন্সিতে কোনও রোগী এলে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে অন্য হাসপাতালে রেফার করা হবে। পরিষেবা চালু থাকবে হাসপাতাল চত্বরের মাদার মাদার অ্যান্ড চাইল্ড হাব ও রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি।
ঐতিহ্যবাহী কলকাতা মেডিক্যাল কলেজকে পুরোপুরি কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য সরকার। রাজ্যে যেভাবে সংক্রামিতর সংখ্যা বাড়ছে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুতে ৩০০ বেডের আইসোলেশন ওয়ার্ড করার পরিকল্পনা নেওয়া হয়। শুধু মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং নয়। পাশের নিউ বয়েজ হোস্টেলের পুরোটাকে আইসোলেশন ওয়ার্ড করার কথা ভাবা হয়েছিল। গত বুধবার স্বাস্থ্যভবনের তরফে জানানো হয়, প্রাথমিকভাবে ৫০০টি বেড নিয়ে করোনা রোগীদের চিকিৎসা শুরু হবে। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব মেডিক্যাল কলেজ খালি করে দেওয়ারও নির্দেশ জারি হয়। বলা হয়, নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হবে। মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি বিল্ডিং ও নতুন হস্টেলকেই প্রাথমিকভাবে করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।
রাজ্যে এখন করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে। আজ, শনিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শেষ ২৪ ঘণ্টায় মোট ১০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। ফলে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৭৮৬। চিকিৎসকদের একাংশের মত, কলকাতা মেডিক্যালকে পুরোপুরি করোনা চিকিৎসার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে এখানকার আধুনিক ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া যাবে রোগীদের। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত রোগীদের জন্য যা একান্তই জরুরি। পাশাপাশি, এখানকার উন্নতমানের আইসিইউ, সিসিইউ সব ব্যবহার করা যাবে। সংক্রামিতদের চিকিৎসা হবে সঠিক উপায়, সংক্রমণ ছড়ানোর হারও কমবে।