
জ্যোতিপ্রিয় মল্লিক
শেষ আপডেট: 3 April 2024 18:34
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সেটাও আবার আদালতের নির্দেশ ছাড়া! বুধবার এই বিষয়ে জানতে পেরে অসন্তোষ প্রকাশ করেছেন নিম্ন আদালতের বিচারক। তাঁর প্রশ্ন, প্রভাবশালী ব্যক্তি বলেই কি এটা সম্ভব? এই ঘটনায় এসএসকেএম হাসপাতালের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে আদালত।
বুধবার নিম্ন আদালতে রেশন দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা সম্পর্কে কথা উঠলে বিচারক জানতে পারেন, তাঁর অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। এই নিয়ে জ্যোতিপ্রিয়র আইনজীবীর সঙ্গে বিচারকের কিছুক্ষণ বাদানুবাদ হয়। বিচারক বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের কী কী শারীরিক পরীক্ষা করাতে হবে তার স্পষ্ট নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু দেখা গেছে, সেই পরীক্ষাগুলি ছাড়াও তাঁর অতিরিক্ত শারীরিক পরীক্ষা করানো হয়েছে।
আদালতের নির্দেশের বাইরে গিয়ে কীভাবে এই অতিরিক্ত পরীক্ষা করাল এসএসকেএম হাসপাতাল, সেই প্রশ্ন তুলেছে আদালত। বুধবার জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী আদালতে যুক্তি দিয়ে দাবি করেন যে কেন তাঁর মক্কেলের জেলে সুস্থ থাকা সম্ভব নয়।
বিচারক অবশ্য তাঁর স্বাস্থ্য রিপোর্ট দেখে পাল্টা তাঁকে বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের সবই ক্রনিক রোগ। স্বাস্থ্য সংক্রান্ত কোনও বড় সমস্যা নেই। রিপোর্ট দেখে বিচারক আরও বলেন, উনি (জ্যোতিপ্রিয় মল্লিক) তিন মাস আগেও যেমন ছিলেন, এখনও তেমন আছেন। কিন্তু বিচারকের এই দাবি মানতে চাননি তাঁর আইনজীবী।
তিনি আদালতকে জানিয়েছেন, জ্যোতিপ্রিয়র সুগার ৩০০ ছুঁইছুঁই। কিছুই যে হয়নি তা বলা যাবে না। এটি যথেষ্ট চিন্তার বিষয়। একই সঙ্গে তাঁর দাবি, জেলে থাকতে থাকতে তাঁর মক্কেলের ওজনও কমে যাচ্ছে। জেলের বাইরে রেখে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার প্রয়োজন বলেই মত আইনজীবীর।