
শেষ আপডেট: 18 October 2023 18:20
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। আগামী ৩ নভেম্বরের মধ্যে ৫৮ হাজার প্রার্থীর নম্বর বিভাজনের বিস্তারিত সহ নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।
এদিন মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মেনে ৩ নভেম্বর মধ্যেই প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এক্ষেত্রে প্রার্থীদের নম্বর বিভাজন সহ প্যানেল প্রকাশে করতে হবে পর্ষদকে।
নিয়োগ দুর্নীতির মামলার জেরে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। এরপরই সম্প্রতি ২০১৬ এবং ২০২০ সালের পরীক্ষায উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে পর্ষদ। পর্ষদের প্রকাশিত নিয়োগ তালিকায় অবশ্য প্রার্থীদের নম্বর বিভাজন ছিল না। এই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে গড়িয়েছিল মামলা। আবেদনকারীর বক্তব্য ছিল, প্রার্থীদের নম্বর বিভাজন প্রকাশিত না করা হলে নেপথ্যে কারচুপি হতে পারে।
এরপরই প্রার্থীদের নম্বর বিভাজনের বিস্তারিত সহ নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল পর্ষদ। বুধবার ওই মামলার শুনানিতে পর্ষদের আর্জি খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।
আদালত জানিয়েছে, নিয়োগ তালিকা বিস্তারিত প্রকাশের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরই ৩ নভেম্বরের মধ্যে বিস্তারিত প্রকাশের নির্দেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।