
শেষ আপডেট: 15 April 2024 16:45
দ্য ওয়াল ব্যুরো: ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে বিজেপির ২১ জন নেতা কর্মীকে পাঁচ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় তপন মিদ্যা-সহ ২১ জন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পুলিশ, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত বিজেপি নেতাকর্মীরা। সংশ্লিষ্ট মামলাটিতে পুলিশ রিপোর্ট দেখে এর আগে ক্ষুব্ধ আদালত ওসিকে ডেকে পাঠিয়েছিল।
পুলিশ রিপোর্টে দাবি করা হয়েছিল, অভিযুক্তরা হাইকোর্টের রক্ষাকবচ পেলে লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। পুলিশের এই রিপোর্টের পরিপেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। পরে আদালতে এসে এবিষয়ে ক্ষমাও চান সংশ্লিষ্ট থানার ওসি।
এদিন ওই মামলায় বিজেপি নেতা তপন মিদ্যা-সহ ২১ জন বিজেপি নেতাকর্মীকে পাঁচ সপ্তাহের জন্য রক্ষাকবচ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, এই সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনও আইনি পদক্ষেপ করতে পারবে না।
আদালতে মামলাকারীদের আইনজীবীর অভিযোগ, "লোকসভা ভোটের সময় এলাকার বিরোধীরা যাতে লড়াইয়ের ময়দানে না থাকতে পারেন তাই রাজনৈতিক কারণে পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে।"
২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। অভিযোগ, রাজ্য পুলিশ প্রকৃত অভিযুক্তদের আড়াল করতে বিজেপি নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট মামলার তদন্ত করছে জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ।