দ্য ওয়াল ব্যুরো : নিষেধাজ্ঞা ভেঙে ধরনা দিয়েছিলেন দিল্লির রেল ভবনের সামনে। সরকারি কর্মীদের কাজে বাধা সৃষ্টি করেছিলেন। ২০১৪ সালের এই দু’টি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লি কোর্টে চার্জ গঠন করা হল শুক্রবার। একইসঙ্গে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া এবং আপের অপর দুই নেতা রাখি বিড়লা ও সোমনাথ ভারতীর বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে।
কোর্টে রেহাই পেয়েছেন আপের অপর দুই নেতা আশুতোষ ও সঞ্জয় সিং। কেজরিওয়াল, শিশোদিয়া ও ভারতীর হয়ে এদিন কোর্টে সওয়াল করেন অ্যাডভোকেট হৃষিকেশ কুমার ও মহম্মদ ইরশাদ।
কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, কয়েকজন পুলিশ অফিসার মাদক ও দেহ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। অভিযুক্ত পুলিশদের শাস্তির দাবিতে তাঁরা ধরনায় বসেন। ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা ভঙ্গের দায়ে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।