
শেষ আপডেট: 12 March 2024 17:17
দ্য ওয়াল ব্যুরো: ৫৫ দিন নিঁখোজ থাকার পর গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। এতদিন তিনি কোথায় ছিলেন, তদন্তকারীদের টানা জেরায় আগেই জানিয়েছিলেন সন্দেশখালির তৃণমূল নেতা। শাহজাহানের গ্রেফতারি চেয়ে যখন সন্দেশখালির রাস্তায় নেমেছিলেন মহিলারা, তখন নাকি সেই সন্দেশখালিতেই লুকিয়ে ছিলেন তিনি। আর তাঁর ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জির আশ্রয়েই ছিলেন শাহজাহান। আদালতে এমনটাই জানাল সিবিআই।
সোমবার রাতে ইডি অফিসারদের উপর হামলা সংক্রান্ত মামলার তদন্তে শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মেল্লা সহ দিদারবক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জিকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় এই তিনজনকে প্রথমবার গ্রেফতার করল সিবিআই। জিয়াউদ্দিন মোল্লা সহ দু'জনের বিরুদ্ধে ১৭ টি মামলা যুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার তাঁদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
ধৃতদের ১৪ দিনের হেফাজত চায় সিবিআই। আদালতে সিবিআইয়ের তরফে এদিন জানানো হয়, ফারুক আকুঞ্জির আশ্রয়েই গা ঢাকা দিয়েছিল শাহজাহান। গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত জিয়াউদ্দিন, আকুঞ্জি এবং দিদার বক্স। গ্রামের লোকেদের জড়ো করে হামলা চালানো হয়েছিল। বিচারক সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তিন জনের ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ইতিমধ্যেই শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জেরা চালাচ্ছে সিবিআই। তাঁকে জেরা করে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় একের পর এক তথ্য সামনে উঠে এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই জিয়াউদ্দিন সহ তিনজনকে গ্রেফতার করা হয়। তবে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় এই প্রথম গ্রেফতার করল সিবিআই।
শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা জিয়াউদ্দিন মোল্লা সরবেড়িয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। দিদারবক্স পেশায় নিরাপত্তারক্ষী। তবে ফারুকের পেশা জানা যায়নি। সোমবার সিবিআই নোটিস দিয়ে জিয়াউদ্দিন, দিদারবক্স এবং ফারুককে ডেকে পাঠায়। কলকাতার নিজাম প্যালেসে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের মাঝেই তাঁদের গ্রেফতার করে সিবিআই।