
শেষ আপডেট: 14 December 2023 19:13
দ্য ওয়াল ব্যুরো: দম্পতির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার সালকিয়া ধর্মতলা লেনে।
পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে ধর্মতলা লেনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দম্পতির দেহ। মৃতদের নাম বিজয় কুমার সাউ (৩৬) ও দীপিকা সাউ (৩০)।
স্থানীয় সূত্রের দাবি, বুধবার দিনভর ওই দম্পতির সাড়া না পেয়ে রাতের দিকে তাঁদের ফ্ল্যাটের জানলায় উঁকি দেন প্রতিবেশীরা। তখনই তাঁরা দেখেন, ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে দম্পতির দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মালিপাঁচঘড়া থানায়। ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
মৃত দম্পতির আত্মীয়রা জানিয়েছেন, বিজয় বিগত এক দশক ধরে লোহার ব্যবসায় করেন। দীপিকাও একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তাঁদের ৯ বছরের একটি মেয়েও আছে। বুধবার সকালে মেয়েকে মামার বাড়িতে রেখে আসেন দীপিকা। তারপরেই এই ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে ঠিক কী কারণে দম্পতি আত্মঘাতী হলেন, তা স্পষ্ট নয়।
শকুন্তলা দেবী নামে মৃত দম্পতির এক আত্মীয় জানিয়েছেন, বিজয়ের ব্যবসা ভাল চলছিল না। বাজার থেকে মোটা টাকা দেনা করেন। প্রায়ই পাওনাদারেরা তাঁর বাড়িতে আসতেন। ঋণের দায়ে মানসিক অবসাদ থেকেই স্বামী-স্ত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।