দ্য ওয়াল ব্যুরো : গতবছর জুন মাসে কর্ণাটকের গডম্যান স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চার্জ গঠিত হয়েছিল। সেই বিতর্কিত ধর্মগুরু বেঙ্গালুরুতে এক শিক্ষায়তন চালান। গত সোমবার জনার্দন শর্মা নামে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী গুজরাত হাইকোর্টে অভিযোগ করেছেন, ২০১৩ সালে তাঁদের চার কন্যাকে সেখানে ভর্তি করেছিলেন। তাদের বয়স ছিল সাত থেকে ১৫ বছরের মধ্যে। পরে তাঁরা শুনতে পান, মেয়েদের বেঙ্গালুরু থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা নাকি এখন আমেদাবাদে যোগিনী সর্বজ্ঞপীঠম নামে এক শিক্ষায়তনে আছে। একথা শুনে তাঁরা মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু আমেদাবাদের শিক্ষায়তনের কর্মকর্তারা দেখা করতে দেননি।
তখন ওই দম্পতি পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশের সহায়তায় তাঁরা দুই নাবালিকা কন্যাকে ফেরত পান। কিন্তু বড় দুই মেয়ে তাঁদের সঙ্গে আসেনি। তাদের একজনের নাম লোপামুদ্রা (২১), অপরজনের নাম নন্দিতা (১৮)।
গুজরাত হাইকোর্টে ওই দম্পতির অভিযোগ, লোপামুদ্রা ও নন্দিতাকে আশ্রম কর্তৃপক্ষ দু'সপ্তাহের বেশি সময় ধরে আটকে রেখেছে। তাদের ঘুমোতে দেওয়া হচ্ছে না।
হাইকোর্টে জনার্দন শর্মা ও তাঁর স্ত্রী আবেদন করেছেন, পুলিশকে নির্দেশ দেওয়া হোক যেন তাঁদের দুই কন্যাকে আশ্রম থেকে উদ্ধার করা হয়। কয়েকজন নাবালিকা এখনও আশ্রমে আটকে আছে। সে ব্যাপারেও পুলিশ তদন্ত করুক।