
শেষ আপডেট: 21 November 2018 15:35
ইমামি গ্রুপের এভিপি অ্যান্ড হেড কর্পোরেট কমিউনিকেশন গ্রুপের মহাশ্বেতা সেন জানাচ্ছেন, দর্শকদের জন্য থাকছে ইন্টার্যাকশনের ব্যবস্থাও। "আপনি চাইলে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে এই বিল্ডিংয়ে রাখা বিভিন্ন টেলিভিশন। অর্থাৎ ডিজিটাল ইন্টার্যাকশন। আবার দর্শক চাইলে এসে তাঁর আইডিয়া দিয়ে যেতে পারবেন লাইব্রেরিতে। এমনকী ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে আপনি বানাতে পারবেন নতুন নতুন স্কাল্পচারও। এই জিনিসগুলো লাইব্রেরিতে রাখতেও পারেন আপনি। কিম্বা এখানকার গিফ্টশপে বিক্রিও হতে পারে আপনারই তৈরি শিল্প।"-- বললেন তিনি।
'কলকাতা সেন্টার অফ ক্রিয়েটিভিটি' (কেসিসি)-র ক্রিয়েটিভ ডিরেক্টর পিনাকী প্যাটেল। তিনিই এই পাঁচতলা বিল্ডিং এর ডিজাইন করেছেন। এখানে একতলা জুড়ে পাবেন প্রয়াত শিল্পী দশরথ প্যাটেলের শিল্পভাবনা। মকবুল ফিদা হুসেনের সমসাময়িক এই শিল্পীর ভাবনা এবং দর্শনে ভরে উঠেছে একতলাটি। দশরথ প্যাটেল ১৯৮১ সালে পদ্মশ্রী এবং ২০১১ সালে পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন।
কেসিসির এগজিকিউটিভ ডিরেক্টর এবং ইমামি আর্টের সিইও রিচা আগরওয়াল দারুণ খুশি এই উদ্যোগে। তিনি বলছেন, "স্বপ্নপূরণ হল। আশা করছি, সৃষ্টিশীলদের মূল গন্তব্য এবার থেকে এই ঠিকানাই হবে। আগামী দিনে এখানে এক্সিবিশনও হবে নিশ্চয়।"
কেসিসি-র বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভারতীয় ডিজাইনার, সিনোগ্রাফার অ্যান্ড আর্ট কিউরেটর রাজীব শেঠি, বিখ্যাত পুরাণ লেখক দেবদূত পট্টনায়েক এবং আন্তর্জাতিক শিল্পী নাসিয়া ইঙ্গলেসিশ।
আরএস গোয়েঙ্কা, আরএস আগরওয়ালের মত ইমামি গ্রুপের অভিভাবকদের স্নেহধন্য এই সেন্টারটি সোমবার বন্ধ থাকবে। বাকি সব দিন সাধারণের জন্য খোলা থাকবে বেলা ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত।
তা হলে আর দেরি কেন, আপনার শিল্পভাবনা আদান প্রদান করতে এক বার ঢুঁ মেরেই আসুন 'কলকাতা সেন্টার অফ ক্রিয়েটিভিটি'-তে।