
শেষ আপডেট: 25 November 2023 14:12
দ্য ওয়াল ব্যুরো: এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার শ্যামনগর বাসুদেবপুর দীঘির পাড় এলাকার ঘটনা।
এলাকাটি ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা।
শনিবার মা’কে সঙ্গে নিয়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন ওই কলেজ ছাত্রী। পুলিশ ওই কলেজ ছাত্রীর বয়ানও রেকর্ড করেছে। ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি নির্যাতিতার পরিবারের। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।
ওই ছাত্রীর এভিযোগ, গত ২০ নভেম্বর সন্ধেয় বাবা-মায়ের অনুপস্থিতিতে ঘরে ঢুকে পড়েন স্থানীয় কাউন্সিলর অরুন ব্রহ্মের দাদা ভুদেব ব্রহ্ম ওরফে ভুট্টো। ফাঁকা বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে তৃণমূল কাউন্সিলরের দাদা। ভয়ে প্রথমে পরিবারের কাউকে বিষয়টি জানাননি বলে দাবি ওই ছাত্রীর।
যদিও এ ব্যাপারে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে অভিযুক্তর দাদা তথা ভাটপাড়া পুররসভা ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ব্রহ্ম বলেন, “আইন আইনের পথে চলবে। দাদার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।“