
ফাইল ছবি
শেষ আপডেট: 25 December 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো: মোবাইল রিচার্জের সঙ্গে ইন্টারনেট ডেটা রিচার্জ বাধ্যতামূলক কেন করা হল তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল। প্রশ্ন উঠছিল, যারা ইন্টারনেট ব্যবহার করেন না বা যাঁর বাড়িতে ব্রডব্যান্ড আছে তিনি মোবাইলে কথা বলতে বা এসএমএসের জন্য রিচার্জের সঙ্গে ইন্টারনেট ডেটা কিনবেন কেন?
বস্তুত, গত জুলাই থেকে মোবাইল রিচার্জের খরচ এক লাফে অনেকটাই বাড়িয়েছে বিভিন্ন টেলিকম সংস্থা। তারপরই ইন্টারনেট ডেটা রিচার্জ বাধ্যতামূলক নিয়ে বিভিন্ন মহল থেকে জোরাল প্রশ্ন তোলা হচ্ছিল। এবার এবিষয়ে কড়া পদক্ষেপ করল দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই।
সূত্রের খবর, আগের মতো ডেটা প্যাক বাদ দিয়ে শুধু ভয়েস কল ও এসএমএসের রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। টেলিকম সংস্থাগুলিকে এই নির্দেশ দ্রুত কার্যকর করতে বলেছে ট্রাই। যার জেরে আগামীদিনে রিচার্জের ন্যুনতম খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বহু বয়স্ক মানুষ রয়েছেন যারা অ্যান্ডোয়েড ফোন ব্যবহার করেন না। অর্থাৎ মোবাইলে কথা বলতে বা এসএমএসের জন্য তাঁদের ইন্টারনেটের প্রয়োজনই পড়ে না। আবার অনেকের বাড়িতে ওয়াইফাই সংযোগ থাকায় তাঁদের মোবাইলে নেট খরচের বিশেষ প্রয়োজন পড়ে না।
কিন্তু এখন ভয়েস কল বা ডেটার জন্য আলাদা কোনও প্ল্যান নেই। ফলে যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাঁদেরও ভয়েস কলের সঙ্গে বাধ্যতামূলকভাবে ডেটাও কিনতে হয়। ফলে বাড়তি কড়িও গুণতে হয়। তাই আগের মতো ডেটা প্যাক বাদ দিয়ে শুধু ভয়েস কল ও এসএমএসের রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনার দাবি উঠছিল। এবার নির্দেশিকা জারি করে টেলিকম সংস্থাগুলিকে সেই নির্দেশ দিল ট্রাই।