
শেষ আপডেট: 28 March 2023 02:24
দ্য ওয়াল ব্যুরো: আইইডি বিস্ফোরণে প্রাণ গেল ছত্তীসগড়ের (Chhattisgarh) সশস্ত্র বাহিনীর এক কম্যান্ডারের। জানা গেছে, বিজাপুর জেলায় মাওবাদী অধ্যুষিত (Maoist attack) এলাকায় নতুন করে তল্লাশি শুরু করেছিলেন সশস্ত্র বাহিনীর জওয়ানরা। ওই এলাকায় রাস্তা তৈরির কাজও চলছে। তাই বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। তল্লাশির সময়েই আইইডি ফেটে মৃত্যু হয় এক কম্যান্ডারের।
ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের মিরতুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় চলছিল রাস্তা তৈরির কাজ। তার নিরাপত্তার জন্যই মোতায়েন ছিল ওই বাহিনী। তাছাড়া বিজাপুরে এমনিতেও গত কয়েকমাসে মাওবাদীদের দৌরাত্ম্য বেড়েছে। তাই নতুন করে তল্লাশিও চলছিল। তল্লাশি অভিযানের সময়েই আইইডি বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সশস্ত্র বাহিনীর ওই কম্যান্ডারের।
অ্যাসল্ট রাইফেল নিয়ে আমেরিকার স্কুলে হামলা আততায়ীর, প্রাণ গেল তিন শিশুর
পুলিশের অনুমান, মাওবাদীদের ষড়যন্ত্রেই এই ঘটনা ঘটেছে। সশস্ত্র বাহিনীর জওয়ানরা এলাকায় তল্লাশি চালাবেন এমন খবর পেয়ে আগে থেকেই বিস্ফোরক মজুত রেখেছিল তারা। খবর পেয়ে শিবির থেকে ঘটনাস্থলে পৌঁছয় আরও বাহিনী। বিজাপুর পুলিশ জানিয়েছে, নিহতের নাম বিজয় যাদব। তিনি উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। সিএএফ-এর ১৯ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন তিনি। অভিযানের সময় অসাবধানতাবশত আইইডি-র উপর পা পড়ে যায় বিজয়ের। তার পরেই বিস্ফোরণ হয়।
এর আগে সুকমায় সুকমায় সিআরপিএফ ক্যাম্পে মাওবাদীরা হামলা করেছিল। এলোপাথাড়ি গুলিতে নিহত হন ৫০ নম্বর ব্যাটেলিয়নের চার জওয়ান।