
ফাইল ছবি। Surjakanta Autto
শেষ আপডেট: 23 March 2024 08:49
দ্য ওয়াল ব্যুরো: ভোট আসতেই ফের কু-কথার ঝড়!
চক্রান্তকারীদের ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারির অভিযোগ উঠল তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্টোর বিরুদ্ধে। ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল তৃণমূল বিধায়কের ভিডিও। যদিও ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সমর্থনে শুক্রবার নারায়ণগড়ে সভার আয়োজন করেছিল তৃণমূল। সভার প্রধান বক্তা ছিলেন দলের স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অট্টো। সেখানেই বিরোধীদের ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারির অভিযোগ উঠেছে।
ভাইরাল হওয়া অডিওয় তৃণমূল বিধায়ককে বলতে শোনা যাচ্ছে, "মাঠি ছেড়ে কেউ যেন না যায়। মাটি কামড়ে পড়ে থাকতে হবে। যদি চক্রান্তকারীরা কোনও চক্রান্ত করার চেষ্টা করে তাহলে ভেঙে গুঁড়িয়ে দিন, সূর্য অট্টো আছে। কীভাবে, কী করতে হয় আমি জানি।"
ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল ওই ভিডিও। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে এ ব্যাপারে কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি। শনিবার সূর্যবাবুর বিরুদ্ধে কমিশনে বিধিভঙ্গের অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব। যদিও এ বিষয়ে তৃণমূলের বিতর্কিত বিধায়কের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।