Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বিতর্ক, বিপর্যয় আর রাজনীতির ঘূর্ণি! ফিরে দেখা ২০২৫-এর কলকাতা ও বাংলা

বছর শেষে ফিরে তাকালে স্পষ্ট, এই দশটি ঘটনা শুধু খবর নয়, ২০২৬-এর রাজনীতির দিশা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

বিতর্ক, বিপর্যয় আর রাজনীতির ঘূর্ণি! ফিরে দেখা ২০২৫-এর কলকাতা ও বাংলা

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 December 2025 15:58

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সাল কলকাতা ও গোটা বাংলার জনজীবন ও রাজনীতিতে রেখে গেল একাধিক তীক্ষ্ণ স্মৃতি (Looking back Kolkata and Bengal in 2025)। কখনও ভয়াবহ বৃষ্টি ও অগ্নিকাণ্ডে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে পরিকাঠামো, কখনও ভোটার তালিকা সংশোধন ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত। প্রশাসনিক ব্যর্থতা থেকে শুরু করে বিরল শোকজ, মন্ত্রী ইস্তফা, নিয়োগ দুর্নীতি মামলার টানাপোড়েন— সব মিলিয়ে রাজ্যজুড়ে ঘটনার ঘনঘটা। পাশাপাশি ধর্মীয় পর্যটনের উত্থান, গণ আন্দোলন ও নিরাপত্তা নিয়ে ক্ষোভও উঠে এসেছে বারবার। বছর শেষে ফিরে তাকালে স্পষ্ট, এই দশটি ঘটনা শুধু খবর নয়, ২০২৬-এর রাজনীতির দিশা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

১. সেলফি থেকে শোকজ! মেসি ইভেন্টে প্রশ্নের মুখে কলকাতার ভাবমূর্তি

কলকাতা থেকে শুরু হয়েছিল লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’। কিন্তু যুবভারতীতে স্বপ্নের সেই সকাল দ্রুতই রূপ নেয় বিশৃঙ্খলায়। হাজার হাজার দর্শক টিকিট কেটে এলেও গ্যালারি থেকে মেসিকে দেখা যায়নি। অভিযোগ, মন্ত্রী-সান্ত্রীরা সেলফিতে ব্যস্ত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি। ক্ষোভে ভাঙচুর চালায় দর্শকরা। ঘটনায় গ্রেফতার হন আয়োজক শতদ্রু দত্ত। রেশ গড়ায় প্রশাসনেও। ডিজি রাজীব কুমার-সহ তিন শীর্ষ পুলিশকর্তাকে শোকজ করেন মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রীর ইস্তফা এবং কর্মরত ডিজিকে শোকজ, চলতি বছরে দুই ঘটনায় রাজ্যের প্রশাসনিক মহলে বিরল দৃষ্টান্ত।

২. জলমগ্ন শহর, বিদ্যুতের ফাঁদে প্রাণহানি! ২২-২৩ সেপ্টেম্বরের ভয়াবহ রাত

২২-২৩ সেপ্টেম্বর কলকাতা সাক্ষী থাকে স্মরণকালের ভয়াবহ বৃষ্টির। প্রায় ২৪৭.৫ মিমি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বালিগঞ্জ, গড়িয়া, পাটুলি, বেহালা-সহ বিস্তীর্ণ এলাকা। জলভরা রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে জড়িয়ে মৃত্যু হয় অন্তত ১০ জনের। পরিস্থিতির জন্য সিইএসসি-কে দায়ী করেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সিইএসসি-কে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্টও। গোটা ঘটনায় শহরের বিদ্যুৎ পরিকাঠামো ও জলনিকাশির দুর্বলতা ফের প্রকাশ্যে চলে আসে।

৩. ধোঁয়ায় দমবন্ধ রাত, ঋতুরাজ হোটেলের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ কলকাতা

৩০ এপ্রিল বড়বাজারের মেছুয়ায় ঋতুরাজ হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৪ জন, যার মধ্যে ছিল দু’টি শিশুও। ধোঁয়ায় দমবন্ধ হয়ে বেশিরভাগের মৃত্যু হয় বলে তদন্তে উঠে আসে। আহত হন আরও ১৩ জন। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা মান নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। দমকল কর্মীরা ঝুঁকি নিয়ে বহু মানুষকে উদ্ধার করেন। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। এই অগ্নিকাণ্ড শহরের হোটেল ও বাণিজ্যিক ভবনের নিরাপত্তা নজরদারি নিয়ে প্রশাসনিক গাফিলতিকে সামনে আনে।

৪. ভোটার তালিকা নিয়ে ঝড়, এসআইআরেই কি ঘুরবে ২০২৬-এর সমীকরণ?

২০২৬-এর বিধানসভা ভোটের আগে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ে। দ্বিতীয় পর্ব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত, চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য ১৪ ফেব্রুয়ারি। নাম বাদ যাওয়া নিয়ে আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ ওঠে, তালিকায় ছিলেন কয়েকজন বিএলও-ও। শাসক-বিরোধী তরজা তুঙ্গে ওঠে। এখন দেখার, এসআইআর প্রক্রিয়া রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে কতখানি প্রভাব ফেলে- আপাততা তা নিয়েই সরগরম বঙ্গ রাজনীতি।

৫. উত্তরবঙ্গে প্রলয়, পাহাড়ে মৃত্যু ও ধস

অক্টোবর মাসে অতিভারী বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে মৃত্যু হয় ৩০ জনেরও বেশি মানুষের। মিরিক ও সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বহু পর্যটক আটকে পড়েন। ভুটানের পাহাড়ে টানা বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়ে, শুরু হয় একের পর এক ধস। ভুটানের তালা বাঁধ থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়। দুধিয়া সেতু ভেঙে পড়ায় শিলিগুড়ি-মিরিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে রাজ্য।

৬ দিঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির

পর্যটনের মানচিত্রে দিঘার নাম নতুন করে উজ্জ্বল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে, ৩০ এপ্রিল, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে উঠেছে দিঘার জগন্নাথ মন্দির। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে, ২২ একর জমির উপর নির্মিত এই মন্দির ইতিমধ্যেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। সমুদ্রের টানে যেখানে পর্যটন মূলত মরসুমি ছিল, সেখানে মন্দিরকে ঘিরে এখন বছরভরই ভিড় বাড়ছে দিঘায়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, হোটেল, দোকান থেকে পরিবহণ— সর্বত্রই তার প্রভাব পড়েছে। পর্যটনের সঙ্গে ধর্মীয় আবহ মিশে দিঘা পেয়েছে নতুন পরিচয়। 

৭. জেলমুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী, নিয়োগ মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

টানা ১২০৭ দিন পরে ১১ নভেম্বর জেলমুক্তি পান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর মধ্যে ২০৩ দিন ছিলেন হাসপাতালে। শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। এর আগেই নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত একাধিক প্রাক্তন সরকারি আধিকারিক এবং পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছিলেন। ২০২১ সালের ২২ জুলাই রাতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ। তাঁর মুক্তি রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তোলে, নিয়োগ মামলার ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন।

৮. আরজি কর মামলা, বিচার চাওয়ার লড়াই অব্যাহত

২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। চলতি বছরের ২০ জানুয়ারি অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয় শিয়ালদহ আদালত। বিরলতম অপরাধ নয়—এই যুক্তিতেই ফাঁসির বদলে যাবজ্জীবন সাজা। রায় চ্যালেঞ্জ করে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, পরে তা কলকাতা হাইকোর্টের ওপর ন্যস্ত হয়। সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নির্যাতিতার পরিবার। বছর শেষেও রাজপথে বিচার চাওয়ার আওয়াজ থামেনি।

৯. ভাইরাল অডিও, অনুব্রত বিতর্কের নতুন অধ্যায়

মে মাসের শেষে ভাইরাল হয় একটি অডিও ক্লিপ। অভিযোগ, ফোনের একদিকে ছিলেন অনুব্রত মণ্ডল, অন্যদিকে বোলপুর থানার আইসি লিটন হালদার। আইসির নির্দেশ না মানায় তাঁকে ও তাঁর পরিবারকে কটূক্তির অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে অডিও (যদিও এই অডিও-র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি)। শাসকদল চাপে পড়লে প্রকাশ্যে ক্ষমা চান অনুব্রত। তবু বিতর্ক থামে না। নভেম্বরে আইসি লিটন হালদারকে প্রথমে জলপাইগুড়ি, পরে বারুইপুরে বদলি করা হয়। এই বদলি নিয়েও শুরু হয় নতুন সমালোচনা।

১০. সুন্দরবনে বাঘ গোনা, জঙ্গলে ক্যামেরার নজর

সুন্দরবনে ঠিক কত বাঘ রয়েছে, তা জানতে শুরু হয় নতুন গণনা। দক্ষিণ ২৪ পরগনার গভীর জঙ্গলে বসানো হয় ৩২০টি ক্যামেরা, জানুয়ারির প্রথম সপ্তাহে যেগুলি খোলা হবে। মোট ৪১০০ বর্গকিলোমিটার জুড়ে ৪৫ দিন ধরে চলবে এই সমীক্ষা। বনকর্মীদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ। দুই বছর আগে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬। বন দফতরের আশা, এবার সেই সংখ্যা একশোর বেশি হবে। বাঘের খাদ্য ও পরিবেশের উপর ভিত্তি করেই ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া হবে বলে জানানো হয়েছে।


```