
শেষ আপডেট: 17 December 2022 02:15
দ্য ওয়াল ব্যুরো: থানায় বন্দুকবাজের হামলা! আচমকাই থানার ভিতর ঢুকে এসে পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে গুলি চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী (Gunman Opens Fire Inside Police Station)। ঘটনায় জখম হয়েছেন এক কনস্টেবল।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উত্তরপ্রদেশের (UP) বরেলির নাকাটিয়া পুলিশ আউটপোস্টে। ২৪ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত ওই আউটপোস্টটি ক্যান্ট থানার অধীনস্থ। সূত্রের খবর, শুক্রবার রাতে ওই আউটপোস্টে প্রহরায় ছিলেন কনস্টেবল বিশাল শর্মা। সেই সময় আউটপোস্টের ভিতরে ঢুকে আসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সে একজন সাব-ইন্সপেক্টর এর বিষয়ে জিজ্ঞাসা করে বিশালকে। তারপরেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে ওই দুষ্কৃতী। তারপরেই পালিয়ে যায় সে।
ঘটনায় গুরুতর জখম হন বিশাল। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিপন্মুক্ত রয়েছেন তিনি।
বরেলির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অখিলেশ চৌরাশিয়া জানিয়েছেন, আউটপোস্টের সামনে লাগানো সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, বাইকে চড়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দুজন। তাদের মধ্যে একজন বাইক থেকে নেমে আউটপোস্টের ভিতরে ঢুকে সটান গুলি চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সম্ভবত মত্ত অবস্থায় ছিল। তাদের যত শিগগির সম্ভব গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
চলন্ত প্যাসেঞ্জার ট্রেনে আস্ত সবজি-বাজার! যাত্রীস্বাচ্ছন্দ্য নিয়ে সরব নিত্যযাত্রীরা