
শেষ আপডেট: 17 March 2023 02:32
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিক (PMO Official) হিসেবে নিজের পরিচয় দিয়ে জম্মু ও কাশ্মীরে জালিয়াতি করে বেড়াচ্ছিল এক ব্যক্তি (Conman)। এমনকি এই পরিচয়ে জম্মু-কাশ্মীরের (Kashmir) একাধিক অফিসারের সঙ্গে বৈঠকও করে সে। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল পিএমও-র ভুয়ো 'অতিরিক্ত পরিচালক' কিরণভাই প্যাটেল।
জানা গেছে, সেই অক্টোবর মাস থেকে কাশ্মীর উপত্যকায় ঘুরে বেড়াচ্ছে কিরণ। আদতে সে গুজরাতের বাসিন্দা, সাধারণ এর লোক। নানা জায়গায় নিজের পরিচয় কাজে লাগিয়ে নানা অবাঞ্ছিত সুবিধা নিয়েছে। অথচ দূরদূরান্ত পর্যন্ত তার কোনও সম্পর্ক নেই পিএমও-র সঙ্গে।
গত কয়েক মাস ধরেই রীতিমতো জামাই আদরে সরকারি আতিথেয়তা উপভোগ করছিল কিরণ। তাকে জেড প্লাস ক্যাটেগরির সুরক্ষা দেওয়া হয়েছিল, একজন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার সঙ্গে থাকত তার। একের পর এক বিলাসবহুল পাঁচতারা হোটেলে করা হয়েছিল থাকার ব্যবস্থা।
এসবের মধ্যেই কোনও এক ব্যক্তি শ্রীনগরের নিশাত থানায় এফআইআর দায়ের করেন কিরণের বিরুদ্ধে। তার পরেই তদন্তে নেমে পুলিশ দেখে, তার পরিচয় জাল! সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। জিজ্ঞাসাবাদ চলছে। খবর দেওয়া হয়েছে গুজরাত পুলিশেও। জম্মু-কাশ্মীর ও গুজরাত পুলিশ জেরা করছে কিরণকে। কী কারণে সে এই কাজ করল, তার অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা কাশ্মীরে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রাতের কলকাতায় ঝড়জল, শিলাবৃষ্টি একাধিক রাজ্যে! দুর্যোগের আশঙ্কা, খোলা হল কন্ট্রোল রুম