দ্য ওয়াল ব্যুরো: যার উত্তেজক মন্তব্যে শ্রীলঙ্কায় ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনা এবং ৩০০ মানুষের মৃত্যু ঘটাল ইসলামি জঙ্গি সংগঠন, সেই জাকির নায়েক–এর প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস। মধ্যপ্রদেশের ইতরাসিতে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
মধ্যপ্রদেশের ভূপালে প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং–এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর, যিনি মালেগাঁও বোমা বিস্ফোরণের মামলায় অভিযুক্ত। কংগ্রেসের প্রার্থীও যে অন্য একটি বিস্ফোরণের সঙ্গে পরোক্ষে জড়িত সেই বিষয়টি প্রমাণ করার জন্যই নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা বিস্ফোরণের প্রসঙ্গ টেনে আনেন তাঁর প্রার্থীর স্বপক্ষে প্রচারে। শ্রীলঙ্কা বিস্ফোরণের অন্যতম কারণ জাকির নায়েকের মন্তব্য এবং দু–তিন দিন আগেই এই উগ্র ধর্ম প্রচারকের টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী জনসভায় বলেন, ''কে এই জাকির নায়েক? এই ব্যক্তি হলেন তিনি, যাঁকে দিগ্বিজয় সিং নিঃসঙ্কোচে প্রসংশা করেছিলেন। আপনারা শুনলে চমকে যাবেন, কংগ্রেসের শাসনকালে জাকির নায়েক ভারতীয় পুলিশ অফিসারদের সভায় বক্তৃতা দিয়েছিলেন এবং সেই বক্তৃতার বিষয় ছিল সন্ত্রাসবাদ।'' উগ্র ও উত্তেজক ভাষণ দিয়ে যুবকদের সন্ত্রাসবাদী কার্যকলাপে উৎসাহিত করার অভিযোগে অভিযুক্ত টেলিভিশনের ধর্মপ্রচারক মুম্বাইবাসী জাকির নায়েকের আপাতত ঠিকানা মালয়শিয়া। এই ধরনের একজন ব্যক্তিকে ''শান্তির প্রচারক'' আখ্যা দেওয়ায় প্রধানমন্ত্রী কংগ্রেসকে ধিক্কার জানান।
কংগ্রেসের নেতারা এখন স্বপ্নে তাঁর মৃত্যু কামনা করেন বলে মন্তব্য করে নরেন্দ্র মোদী জনসভায় উপস্থিত সমর্থকদের কাছে প্রমাণ হিসেবে নাম না করে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া নভজোত সিং সিধু'র একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে আনেন। ''আমি শুনেছি কংগ্রেসের এক বাচাল নেতা এখানে এসে বলেছেন, মোদীকে এমন ছক্কা মারুন যাতে তিনি বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে মরে যায়। এটাই হল কংগ্রেস নেতার বিবৃতি। একবার ভেবে দেখুন। আপনাদের মোদীকে এরা কতটা ঘৃণা করে। এদের ঘৃণা এতটাই বেশি যে এরা স্বপ্নেও মোদীকে হত্যা করার কথা ভাবে। কিন্তু ওরা জানে না মোদীর হয়ে শুধু মধ্যপ্রদেশের মানুষ নয়, ব্যাট করছে সারা ভারত।''
সন্ত্রাসবাদ সম্পর্কে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করা উচিত বলে জনসভায় দাবি করেন মোদী। তিনি বলেন, কংগ্রেস কাদের হয়ে খেলছে, ভারত না পাকিস্তান সেটা মানুষকে খোলাখুলি জানাক। কংগ্রেসের নির্বাচনী ইশতাহারকে একটি প্রতারণা আখ্যা দিয়ে উপস্থিত সমর্থকদের জিজ্ঞাসা করেন, ''সন্ত্রাসবাদের ঘাঁটিতে গিয়ে সন্রাসবাদীদের শেষ করে এসেছে কে?'' জনসভায় তখন শুধু ''মোদী'' ''মোদী'' ধ্বনি।
মধ্যপ্রদেশের ২৯ টি লোকসভা কেন্দ্রের ৬ টি আসনের ভোটগ্রহণ হয়েছে ২৯ এপ্রিল। বাকি আসনের নির্বাচন আগামী তিন দফা অর্থাৎ চলতি মাসের ৬, ১২ ও ১৯ তারিখ সম্পন্ন হবে।