কৃষি-প্রস্তাবের ভোটাভুটিতে মমতাই নেই বিধানসভায়, ‘আজব ব্যাপার’ বললেন মনোজ
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের নয়া কৃষি আইনকে কালা কানুন বলছে তৃণমূল। একই মত, বাম ও কংগ্রেসেরও। সেই আইন প্রত্যাহারের দাবিতে, বৃহস্পতিবার বিশেষ অধিবেশন হল রাজ্য বিধানসভায়। তাতে সরকার পক্ষের আনা প্রস্তাবের উপর বিতর্ক হল। মুখ্
শেষ আপডেট: 29 January 2021 04:34
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের নয়া কৃষি আইনকে কালা কানুন বলছে তৃণমূল। একই মত, বাম ও কংগ্রেসেরও। সেই আইন প্রত্যাহারের দাবিতে, বৃহস্পতিবার বিশেষ অধিবেশন হল রাজ্য বিধানসভায়। তাতে সরকার পক্ষের আনা প্রস্তাবের উপর বিতর্ক হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিতর্কে অংশ নিয়ে বক্তৃতা দিলেন। কিন্তু ধ্বনি ভোটে পাশ হওয়ার সময় সভায় উপস্থিত থাকলেন না তিনি।
এ ঘটনা নিয়ে এদিন সভার মধ্যেই শাসক দলের উদ্দেশে টিপ্পনি করেন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী। পরে সভার বাইরে তিনি বলেন, “এটা আজব ব্যাপার নয়! সবটাই কি স্রেফ লোক দেখানো!”
শাসক দলের তরফে অবশ্য বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত সরকারি কর্মসূচি ছিল। সেই কারণেই তিনি উপস্থিত থাকতে পারেননি। তিনি আগে থেকে বলেই বেরিয়ে গেছেন। তা ছাড়া বিতর্কে অংশ নিয়ে তিনি জোরালো ভাবেই কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতা করেছেন ও তা প্রত্যাহারের দাবি তুলেছেন।
এদিন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সভায় প্রস্তাবটি পেশ করেছিলেন। তাতে বলা হয়েছিল, তিন কৃষি আইন বিলোপের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হচ্ছে।
সরকারের আনা ওই প্রস্তাবের উপর ৫টি সংশোধন প্রস্তাব এনেছিল বাম কংগ্রেস। আর একটি সংশোধন প্রস্তাব ছিল সরকারের। এমনিতে মূল প্রস্তাবটি ধ্বনি ভোটে পাশ হয়ে যায়। সেই সময়ে মুখ্যমন্ত্রী অধিবেশন কক্ষে ছিলেন না। পরে সংশোধন প্রস্তাবের উপর ভোটাভুটির সময়েও তিনি ছিলেন না। ওদিকে বিজেপি বিধায়করা এমনিতেই তার আগে ওয়াক আউট করেছিলেন।
পরে সভার বাইরে মনোজ চক্রবর্তী বলেন, আসলে শাসক দলের পুরো উদ্দেশ্যই রাজনৈতিক। কৃষকদের ভাল মন্দ নিয়ে মাথাব্যথা নেই বা আন্তরিকতা নেই। তা যদি থাকত, তা হলে সরকারের মুখিয়া হিসাবে তিনি শেষ পর্যন্ত সভায় উপস্থিত থাকতেন।