.webp)
শেষ আপডেট: 21 August 2024 15:48
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা শহর উত্তপ্ত। ঘটনার পর থেকে প্রতিদিন বিচারের দাবিতে চলছে প্রতিবাদ-মিছিল-বিক্ষোভ। চিকিৎসক মহল থেকে শুরু করে শিল্পীমহল, আইনজীবী মহল, পুরকর্মী-- সমস্ত স্তরের মানুষ নিজেদের মতো করে পথে নেমেছেন দফায় দফায়। কখনও আবার কোনও স্তর-দল ছাড়াই সাধারণ মানুষের ভিড় আছড়ে পড়েছে রাজপথে। তেমনই, আজ, বুধবার লালবাজার অভিযানের ডাক দেওয়া হয় কংগ্রেসের তরফে। সেই মিছিল ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল ভরদুপুরে।
কংগ্রেসের এই মিছিলের দাবি, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। কারণ তিনি রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও ওঠে মিছিল থেকে।
#WATCH | West Bengal: Congress workers protest in Kolkata over the rape-murder of a doctor at RG Kar Medical College and Hospital here.
— ANI (@ANI) August 21, 2024
Police detain the protestors. pic.twitter.com/Rw1eoizCsL
এই মিছিল যাতে বেশি দূর এগোতে না পারে, সে জন্য পুলিশের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল আগে থেকেই। মিছিল যাতে লালবাজার পৌঁছতেই না পারে, সেজন্য কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল গোটা এলাকাকে। সমস্ত রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। তার পরেও কংগ্রেসের মিছিল লালবাজার পৌঁছতেই পুলিশের তরফে ব্যাপক ধরপাকড় শুরু হয়।
জানা গেছে, কংগ্রেস নেতা সন্তোষ পাঠক, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি অমিতাভ চক্রবর্তী-সহ একাধিক প্রদেশ কংগ্রেস নেতাকে আটক করেছে পুলিশ। এই পরিস্থিতিতে লালবাজারের সামনের গেট আটকে, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কংগ্রেস নেতারা।
সব মিলিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি লালবাজারের সামনে। ভাঙা হয়েছে একের পর এক ব্যারিকেড। আগাম প্রস্তুতি নিয়েও, মিছিল সামাল দিতে একেবারে হিমশিম অবস্থা হয় পুলিশের।
এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রতিবাদ তো হওয়াই উচিত। আব্দুল মান্নান বর্ষীয়ান নেতা, রাজ্যের বিরোধী দলনেতাও ছিলেন। তাঁর কি প্রতিবাদ জানানোর অধিকার নেই? মানুষ এর জবাব দেবে বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সেই শনিবার থেকে আজ বুধবার পর্যন্ত, টানা পাঁচদিন ধরে শ্যামবাজারে ধর্না চালাচ্ছে বিজেপি।