
শেষ আপডেট: 16 October 2022 13:01
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল সোমবার কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের (congress president election) জন্য ভোট নেওয়া হবে। সব রাজ্যে প্রদেশ কংগ্রেস দফতর এবং দিল্লিতে এআইসিসি-র অফিসে ভোট গ্রহণের ব্যবস্থা থাকবে। কংগ্রেসে ২৪ বছর পর ফের সভাপতি পদের জন্য নির্বাচন হচ্ছে। শুধু তাই নয়, স্মরণ কালের মধ্যে কংগ্রেস ছাড়া আর কোনও দলে নির্বাচনের মাধ্যমে দলীয় সভাপতি বাছাইয়ের নজির নেই।
২৪ বছরের মাথায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। তা হল, এবার সভাপতির লড়াইয়ে গান্ধী পরিবারের কেউ নেই। দুই প্রতিদ্বন্দ্বীর একজন কর্নাটকের মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। অপরজন কেরলের সাংসদ শশী তারুর।
প্রবীণ নেতা খাড়্গে রবিবার বলেছেন, যদি তিনি নির্বাচিত হন তাহলে দল পরিচালনায় গান্ধী পরিবারের (Gandhi family) পরামর্শ ও সমর্থন নিতে লজ্জা পাবেন না। কারণ তারা দলের জন্য সংগ্রাম করেছে। কংগ্রেসের জন্য পরিবারটির অনেক অবদান রয়েছে।
তিনি গান্ধী পরিবারের পছন্দের প্রার্থী এবং সনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা সভাপতি পদে রেখে রিমোর্ট কন্ট্রোলে দল চালাবে বলে বিভিন্ন মহলের বক্তব্য সম্পর্কে খাড়্গে আজ গান্ধী পরিবারের অবদানের কথাই বেশি করে তুলে ধরেন।
গান্ধী পরিবারের অবদান সম্পর্কে বলতে গিয়ে প্রবীণ এক কংগ্রেস নেতা বলেন, ‘দল কয়েকটি নির্বাচনে হেরেছে বলে গান্ধী পরিবারের অবদানকে নসাৎ করে দেওয়া যায় না। জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা, রাজীব, সনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা, সকলেই কংগ্রেসের জন্য নিবেদিত প্রাণ। দলের সভাপতি হতে পারলে আমি গান্ধী পরিবারের পরামর্শ শুনব। এতে লজ্জার কিছু নেই।’ হালকা চালে সাংবাদিকদেরও বলেন, আপনারাও যদি পরামর্শ দিতে চান তাহলেও শুনতে আপত্তি নেই।
আগামীকাল ভোট গ্রহণের পর ব্যালট বাক্স প্রদেশ কংগ্রেস দফতরেই সিল করা থাকবে। ১৯ অক্টোবর বুধবার হবে ভোট গণনা।
ঠাকরে পরিবারে ফের ফাটল, বালাসাহেবের বড় নাতি এবার শিন্ডের পাশে