
শেষ আপডেট: 17 March 2022 05:48
দ্য ওয়াল ব্যুরো : পাঁচ রাজ্যে ভোটে বিপর্যয়ের পরে বুধবার রাতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা (Congress Gandhi)। রাজ্যসভার সদস্য গুলাম নবি আজাদের বাসভবনে ওই বৈঠক হয়। বিক্ষুব্ধরা সিদ্ধান্ত নেন, তাঁরা এখন কংগ্রেস (Congress Gandhi) ছাড়বেন না। কিন্তু দেশের প্রাচীনতম দলটিকে পুনর্জীবিত করতে হলে নেহরু-গান্ধী পরিবারের সদস্যদের সরতে হবে। শুধু তাই নয়, দলের নানা গুরুত্বপূর্ণ পদে তাঁদের যে অনুগামীরা রয়েছেন, তাঁদেরও পদত্যাগ করতে হবে (Congress Gandhi)।
দু'বছর আগেই কংগ্রেসের বিক্ষুব্ধ ২৩ জন নেতা দলনেত্রী সনিয়া গান্ধীকে চিঠি লিখে বলেন, নেতৃত্বে আমূল পরিবর্তন চাই। ওই ২৩ জন নেতা 'গ্রুপ অব টোয়েন্টি থ্রি' বা জি-২৩ নামে পরিচিত। বুধবার রাতে তাঁরাই আলোচনায় বসেছিলেন। একটি সূত্রে জানা যায়, বিক্ষুব্ধদের বার্তা নিয়ে সনিয়া গান্ধীর (Congress Gandhi) সঙ্গে দেখা করবেন গুলাম নবি আজাদ। সেখানে কংগ্রেসের অপর দুই শীর্ষ নেতা-নেত্রী রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীও উপস্থিত থাকবেন।
গত রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে দলের পরাজয়ের কারণ বিশ্লেষণ করা হয়। সনিয়া বলেছিলেন, তিনি ও তাঁর দুই ছেলেমেয়ে দলের সব পদ ত্যাগ করতে রাজি। কংগ্রেসের জন্য তাঁরা 'ত্যাগ স্বীকার' করবেন। কিন্তু প্রবীণ কংগ্রেস নেতারা 'সর্বসম্মতভাবে' সনিয়ার প্রস্তাব নাকচ করে দেন।
কংগ্রেস ঘোষণা করে, নির্বাচন নিয়ে আলোচনার পরে দল সনিয়ার নেতৃত্বের ওপরেই পূর্ণ আস্থা রাখছে। দলকে উজ্জীবিত করার লক্ষ্যে তিনিই নানা সাংগঠনিক রদবদল করবেন। এরপরে সনিয়া যে পাঁচ রাজ্যে কংগ্রেস পরাজিত হয়েছে, সেখানকার প্রদেশ কংগ্রেস সভাপতিদের সরিয়ে দেন। একইসঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, অজয় মাকেন, অবিনাশ পাণ্ডে ও জিতেন্দ্র সিংকে নিয়ে একটি কমিটি গঠন করেন। কমিটির কাজ হল দলে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে নেত্রীকে পরামর্শ দেওয়া। বিক্ষুব্ধদের অভিযোগ, গান্ধী পরিবারের অনুগামীরাই ওই কমিটিতে স্থান পেয়েছেন। তাঁদের কাজ হল পরাজয়ের দায় থেকে গান্ধী পরিবারের সদস্যদের আড়াল করা। তাঁরা দলের সংগঠনে নামমাত্র পরিবর্তনের সুপারিশ করেছেন।
আরও পড়ুন : Congress : কংগ্রেসের বিক্ষুব্ধদের বৈঠকের স্থানবদল, জল্পনা