
শেষ আপডেট: 4 May 2023 11:08
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটক বিধানসভার ভোটের আর ছয় দিন বাকি। প্রচার এবং পরিস্থিতি অনুযায়ী এবার মূল লড়াই বিজেপি আর কংগ্রেসের (Congress explained about Modi's accusation)। অন্তত রাজ্যের প্রভাবশালী আঞ্চলিক দল জনতা দল সেকুলার অন্যান্যবারের মতো সেভাবে দৌড়ে নেই। যদিও এবারও জেডিএস বিগত কয়েকটি নির্বাচনের মতো পরবর্তী সরকারের ভাগ্য নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এদিকে, বিজেপি ও কংগ্রেসের প্রচারে শেষ মুহূর্তে মুখ্য আলোচ্য হয়ে উঠেছে বজরং দল (Bajrang dal)। ইস্তাহারে কংগ্রেস জানিয়েছে, তারা ক্ষমতায় ফিরতে পারলে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন বজরং দল এবং ইসলামপন্থী পিএফআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
কংগ্রেসের ওই ঘোষণাকেই প্রচারের শেষ লগ্নে হাতিয়ার করেছে বিজেপি। তাতে নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গো-মাতার মতো বজরংবলী অর্থাৎ হনুমানকেও হিন্দুরা দেবতাজ্ঞান করে। সেই ভাবনা থেকেই বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখার নাম রাখা হয়েছিল বজরং দল। সেই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাকে প্রধানমন্ত্রী হনুমান ভগবানের অবমাননা, তাকে তালাবন্দি করা বলে দাবি করে প্রচারে সাড়া ফেলে দিয়েছেন। কংগ্রেস পাল্টা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হনুমান ভগবানকে অপমান করার অভিযোগ তুলে বলেছে, ‘কী দুর্ভাগ্য, প্রধানমন্ত্রী বজরংবলী আর বজরং দলকে এক চোখে দেখেন।’ তাতে বিন্দুমাত্র না দমে প্রধানমন্ত্রী এবং তাঁর দেখাদেখি গোটা গেরুয়া সমাজ মাঠে নেমে পড়েছে। বিজেপি বৃহস্পতিবার কর্নাটকে দিনভর হনুমান চালিশা পাঠের কর্মসূচি পালন করছে।
বিজেপি, বিশেষ করে স্বয়ং প্রধানমন্ত্রী বজরং দলকে নিয়ে ঘোষণাকে হাতিয়ার করে বজরংবলীকে টেনে আনায় কংগ্রেস বিপাকে পড়েছে। পুরাণ মতে, কর্নাটকই হনুমানের জন্মস্থান। যদিও একাংশের দাবি, হনুমানের জন্মস্থান বর্তমান অন্ধ্রপ্রদেশ। দুই রাজ্যেই ধূমধাম করে হনুমান জয়ন্তী পালিত হয়।
বজরং দল আর বজরংবলীকে স্বয়ং প্রধানমন্ত্রী ভোটের ময়দানে গুলিয়ে দেওয়ায় বৃহস্পতিবার কংগ্রেস তাদের ঘোষণার ব্যাখ্যা দিয়েছে। দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরপ্পা মউলি বৃহস্পতিবার জনসভায় ঘোষণা করেছেন, ‘কংগ্রেস মোটেই ইস্তাহারে বজরং দলকে নিষিদ্ধ করার কথা বলেনি। আমরা বলেছি, সরকারে এলে ঘৃণা ভাষণদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সূত্রে পিএফআই এবং বজরং দলের নাম এসেছে। কিন্তু নিষিদ্ধ করার কথা বলা হয়নি।’
প্রবীণ নেতা জানান, ’প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার দলের ঘোষণার বিস্তারিত ব্যাখ্যা দেবেন“ কংগ্রেস ইতিমধ্যে ইস্তাহারে বজরং দল সংক্রান্ত অংশটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, টুইটারে প্রচার করতে শুরু করেছে। যদিও জল অনেকটা গড়িয়ে গিয়েছে বলে দলের একাংশ মনে করছে। প্রধানমন্ত্রী মোদী ম্যাচ অনেকটা ঘুরিয়ে দিয়েছেন বলে দলের ওই মহলের আশঙ্কা।
মোদী-শাহকে ট্যাগ করে মেরি কমের টুইট, ‘আমার রাজ্য জ্বলছে, প্লিজ হেল্প’