
কংগ্রেস
শেষ আপডেট: 18 June 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের জন্য একটি আসন ছেড়ে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। কিন্তু মঙ্গলবার কংগ্রেস দুটি আসনে প্রার্থী করার পর দেখা গেল বাম শরিকের বিরুদ্ধেও লড়বে তাঁরা। এদিন কংগ্রেস রায়গঞ্জ ও বাগদা আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। প্রসঙ্গত, বাগদায় লড়ছেন বাম শরিক ফরওয়ার্ড ব্লকের প্রার্থী।
রায়গঞ্জ আসনটিই কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছিল বামেরা। সেই আসনে কংগ্রেস প্রার্থী করেছে দলের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তকে। আর বাগদা আসনে হাত শিবিরের প্রার্থী হয়েছেন অশোক হালদার। এই আসনেই ফরওয়ার্ড ব্লকের হয়ে লড়বেন গৌরদীপ্ত বিশ্বাস।
সূত্রের খবর, বাগদা আসন নিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কিছুটা মনোমালিন্য তৈরি হয়েছিল। হাত শিবিরের যুক্তি ছিল, গত দুই বিধানসভায় এই আসন তাদের ছাড়া হয়েছিল। তাই এবারেও এই আসন ছাড়া উচিত। কিন্তু সিপিএম সরাসরি এই আসনে প্রার্থী না দিলেও শরিক দল দিয়ে দিয়েছে। তাই কংগ্রেসও আলাদা করে প্রার্থী ঘোষণা করল বাগদা আসনে।
আগামী ১০ জুলাই রাজ্যের এই চার কেন্দ্রে উপনির্বাচন। গত শুক্রবার সকালেই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল। সেদিনই তিন আসনে প্রার্থী ঘোষণা করে বামেরা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বামেদের ঝুলিতে আবারও কোনও আসন আসেনি। আর কংগ্রেস মাত্র ১টি আসন পেয়েছে। ৪২টি আসনের মধ্যে ২৯টি আসন পেয়েছে তৃণমূল।