
শেষ আপডেট: 4 January 2023 14:17
দ্য ওয়াল ব্যুরো: বাসে ভিড়ের মধ্যে যাত্রীদের মোবাইল, মানি ব্যাগ বা দরকারি জিনিস চুরি যাওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু মধ্যপ্রদেশের জব্বলপুরে ঘটল (Jabbal Incident) উলটপুরাণ ! খোদ কন্ডাক্টরেরই (Conductor) মোবাইল চুরি করে চম্পট দিল পকেটমার।
কী ঘটেছিল?
গত রবিবার রাতে মধ্যপ্রদেশের দামোহনাকা থেকে একটি বাস জব্বলপুরে যাচ্ছিল। যাত্রাপথে ভেদাঘাট এলাকায় বাস পৌঁছতেই বাসের কন্ডাক্টর লক্ষ্য করেন তাঁর পকেটে মোবাইল নেই। পথের ধারে বাস দাঁড় করিয়ে তন্নতন্ন করেও খুঁজে পায় না মোবাইলটি। যাত্রীদের জিজ্ঞাসা করেও কোনও লাভ হয়নি। শেষে রেগেমেগে যাত্রীবোঝাই গোটা বাস নিয়েই কন্ডাক্টর চলে গেলেন সটান থানায়।
কন্ডাক্টর রাহুল ঠাকুরের কথায়, তিনি জানেন না যে কে তাঁর মোবাইল চুরি করেছে। এমনকী এই নিয়ে যাত্রীদের জিজ্ঞাসা করেও কোনও সদুত্তর পাওয়া যায়নি। তাই বাধ্য হয়েই বাস নিয়ে থানায় যান তিনি।
জানা গেছে, থানায় বাস থামিয়ে সোজা পুলিশের কাছে গিয়ে গোটা বিষয়টা জানান তিনি। কিন্তু উল্টে পুলিশের কাছেই ধমক খেয়ে বসেন রাহুল। বাসে অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে পুলিশের রোষের মুখে পড়েন তিনি। পুলিশের প্রশ্নের মুখে রাহুল জানান, তিনি না চাইলেও যাত্রীরা কথা শোনেন না। একপ্রকার জোর করেই বাসে উঠে পড়েন তাঁরা। কিন্তু এরমধ্যেই তাঁর মোবাইল খোয়া গেল। যদিও থানাতে গিয়ে তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি মোবাইলটি।
মৃত সঙ্গীর শরীরে আদর-চুম্বন, যেন বাঁচিয়ে তোলার চেষ্টা! টিয়াপাখির যন্ত্রণায় চোখে জল নেটিজেনদের