
শেষ আপডেট: 30 November 2022 13:18
দ্য ওয়াল ব্যুরো: ছাত্রছাত্রীদের বিরুদ্ধে স্কুলে মোবাইল নিয়ে আসার অভিযোগ উঠেছিল। হাতেনাতে ধরার জন্য সারপ্রাইজ চেকিংয়ের (Random Bag Checks) ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অষ্টম, নবম এবং দশম শ্রেণির ছাত্রছাত্রীদের ব্যাগ চেক করতে গিয়ে কান লাল হয়ে গেল স্বয়ং পরীক্ষকদের। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের ব্যাগ থেকে পাওয়া গেল কন্ডোম, গর্ভনিরোধক ওষুধ, সিগারেট লাইটার (Condoms, Cigarettes, Contraceptives) এবং হোয়াইটনার।
বেঙ্গালুরুর প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে পড়ুয়াদের ব্যাগে তল্লাশি চালাতে গিয়ে এমনই অভিজ্ঞতা সম্মুখীন হলেন পরীক্ষকরা। সূত্রের খবর, বিগত বেশ কয়েকদিন যাবৎ পড়ুয়াদের মোবাইল ব্যবহার করার খবর পাওয়া যাচ্ছিল বিভিন্ন স্কুল থেকে। বারংবার একই অভিযোগ ওঠার পর কর্নাটকের মাধ্যমিক এবং প্রাথমিকের পড়ুয়াদের ব্যাগ তল্লাশি করার জন্য স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয় পর্ষদের তরফে। সেই তল্লাশিতে যা মিলল, তাতে বাকরুদ্ধ শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে, দশম শ্রেণির এক ছাত্রীর ব্যাগ থেকে কন্ডোম পাওয়া যাওয়ার পর সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে ওই ছাত্রী জানায়, এই বিষয়ে কিছুই জানে না সে। উল্টে বন্ধুদের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় ওই পড়ুয়া।
জানা গেছে, কর্নাটকের ৮০ শতাংশ স্কুলেই ছাত্রছাত্রীদের ব্যাগ চেক করা হয়। তাতে আরও একাধিক পড়ুয়ার ব্যাগ থেকে কন্ডোম ছাড়াও গর্ভনিরোধক ওষুধ, সিগারেট, লাইটার এবং হোয়াইটনার পাওয়া গেছে।
এই ঘটনার পর অভিভাবকদের সঙ্গে মিটিংয়ে বসেন শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে, ঘটনার কথা জানতে পেরে একই রকম হতভম্ব অভিভাবকরাও। তাঁরাও যে সন্তানদের আচরণের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছিলেন, সে কথা স্কুলগুলিকে জানিয়েছেন তাঁরা।
জানা গেছে, ঘটনার বিষয়ে অভিভাবকদের নোটিশ পাঠালেও কোনও পড়ুয়াকেই বরখাস্ত করা হয়নি স্কুলের তরফে। বরং তাদের কাউন্সেলিং করানোর জন্য অভিভাবকের পরামর্শ দিয়েছেন শিক্ষকরা।
কর্নাটকের এই স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকে বলে জানিয়েছেন একটি স্কুলের অধ্যক্ষ। তা সত্ত্বেও পড়ুয়াদের আলাদা করে কাউন্সেলিং করানোর জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে স্কুলগুলির তরফে। এর জন্য ওই ছাত্রছাত্রীদের ১০ দিনের ছুটি মঞ্জুর করেছে স্কুলগুলি।
মাথা নীচে, পা উপরে, এ কী করছেন ৯ মাসের অন্তঃসত্ত্বা! ভিডিও দেখে চোখ কপালে সকলের