বাংলা ভাষাকে অবজ্ঞা করা বা বাংলা মাধ্যম স্কুলগুলিকে এড়িয়ে চলার প্রবণতা বাড়ছে বলেই সংগঠনের দাবি। তাই দ্রুত বাংলার মাটিতে বাংলা ভাষাকে মর্যাদা দিতে স্কুলস্তরেই বাধ্যতামূলক শিক্ষা চালুর দাবি জানিয়েছে তারা।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 18 February 2026 19:43
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষাকে শিক্ষাব্যবস্থায় আরও শক্তিশালী ও বাধ্যতামূলক (Compulsory Bengali language education West Bengal) করার দাবিতে রাজ্য সরকারের কাছে ডেপুটেশন জমা দিল বাংলা পক্ষ সংগঠন (Bangla Pokkho)। স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিবের উদ্দেশে দেওয়া এই চিঠিতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শিক্ষা ও ভাষা নীতিকে ঘিরে।
সংগঠনের প্রধান দাবি, বাংলার সব স্কুলে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করারও আবেদন জানানো হয়েছে (West Bengal education compulsory Bengali language)।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে সেই রাজ্যের প্রধান ভাষা শিক্ষা বাধ্যতামূলক হলেও পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই বাংলা ভাষা বাধ্যতামূলক শিক্ষার ক্ষেত্রে সেইরকম স্পষ্ট নীতি (mother tongue rights) কার্যকর হয়নি। এর ফলে বাংলা ভাষাকে অবজ্ঞা করা বা বাংলা মাধ্যম স্কুলগুলিকে এড়িয়ে চলার প্রবণতা বাড়ছে বলেই সংগঠনের দাবি। তাই দ্রুত বাংলার মাটিতে বাংলা ভাষাকে মর্যাদা দিতে স্কুলস্তরেই বাধ্যতামূলক শিক্ষা চালুর দাবি জানিয়েছে তারা।
শুধু ভাষা শিক্ষা নয়, বাংলা ভাষার নিয়ে আন্দোলনের ইতিহাস নিয়েও সরব সংগঠন। তাদের বক্তব্য, ২১ ফেব্রুয়ারি ও ১৯ মে এবং ৩ নভেম্বর - এই তিনটি দিন ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ স্মৃতিবাহী। কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই এই ইতিহাস সম্পর্কে সেভাবে কিছুই জানে না। তাই ভাষা আন্দোলনের ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে মাতৃভাষার অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতন করার প্রয়োজনীয়তার কথা ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ভারতীয় সংবিধান মাতৃভাষার অধিকার ও মর্যাদা স্বীকার করেছে। সেই সাংবিধানিক চেতনার সঙ্গেও এই দাবিগুলি সঙ্গতিপূর্ণ বলেই দাবি সংগঠনের।
এই প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। দাবি করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক সরকার।
বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিকাশ ভবন অভিযানের ডাকও দেওয়া হয়েছে।