
শেষ আপডেট: 10 July 2018 14:33
দ্য ওয়াল ব্যুরো: বিক্রম চন্দ্রার উপন্যাস নিয়ে অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতোয়ানির নেটফ্লিক্স সিরিজ ‘সেক্রেড গেমস’ শুরু হয়েছে মাত্র পাঁচদিন। আর এর মধ্যেই শুরু হয়ে গেল বিতর্ক।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রাজীব সিনহা অভিযোগ করলেন, এই সিরিজে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও প্রযোজকরা অপমান করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে।
মঙ্গলবার, তিনি এই অভিযোগ দায়ের করেন গিরীশ পার্ক থানায়।
পুলিশকে লেখা এই চিঠিতে রাজীব সিনহা জানিয়েছেন, এই সিরিজে নওয়াজের অভিনয় করা চরিত্র গণেশ গায়তোঁড়ে, রাজীবকে ‘ফাট্টু’ বলে গালাগাল দেন। সিরিজের সাবটাইটেলে এই শব্দটার ইংরাজি অর্থ দেওয়া হয়েছে মহিলাদের যৌনাঙ্গ। তাঁর আরও অভিযোগ, রাজীব জমানার বিভিন্ন ঘটনাকে খারাপ ভাবে দেখানো হয়েছে।
এই সিরিজে যৌনতা ও হিংস্র দৃশ্য এবং অশ্লীল শব্দের ব্যবহার নিয়ে এমনিতেই অনেক কথা উঠছে। এর মধ্যেই এল রাজীব গান্ধীকে অপমান করার অভিযোগ।
জানা গিয়েছে, মুম্বইয়ের আঞ্চলিক রাজনীতি ও আন্ডারওয়ার্ল্ডের ওপর ভারতবর্ষের বিভিন্ন বড় রাজনৈতিক ঘটনা প্রভাব নিয়েই এই সিরিজের প্রথম পর্ব। এর মধ্যে আছে জরুরি অবস্থা, বফর্স কেলেঙ্কারী, শাহবানু মামলার মতো সব ঘটনা।
সিরিজের চতুর্থ এপিসোডের নাম ব্রহ্মহত্যা। জানা গিয়েছে, এই পর্বে, গণেশ গায়তোঁড়ের ভূমিকায় নওয়াজের একটি বিতর্কিত সংলাপ আছে। জানা গিয়েছে, সেই সংলাপে রাজীব গান্ধী প্রসঙ্গে নওয়াজ বলছেন, ‘শাহবানুকে আলাদা জ্বালিয়েছে, আর দেশকে আলাদা। শাহবানু তাঁর স্বামীকে আদালতে নিয়ে গিয়েছিলেন এবং জিতেছিলেন। কিন্তু রাজীব তাঁকে চুপ করিয়ে দিলেন। কোর্টের নির্দেশও মানলেন না। দেশের হিন্দুরাও এটা মেনে নিতে পারেনি। তাই তাঁদের খুশি করতে প্রতি রবিবার টিভিতে রামায়ণ দেখানো হল।’
আর এই সংলাপেই রাজীব গান্ধী প্রসঙ্গে ‘ফাট্টু’ শব্দটা ব্যবহার করতে দেখা যায় নওয়াজকে। সিনহার অভিযোগ এটা নিয়েই।
সিনহার অভিযোগ নিয়ে নিয়েছে গিরীশ পার্ক থানা। তবে এই ব্যাপারে পুলিশ কী পদক্ষেপ করবে, সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।