দ্য ওয়াল ব্যুরো : গত দেড় মাসের বেশি সময় ধরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অবস্থান চলছে দিল্লির শাহিনবাগে। বুধবার সকালে সেখানে এক ‘সন্দেহজনক’ মহিলাকে দেখা যায়। তাঁর মুখ ছিল বোরখায় ঢাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ‘বড্ড বেশি’ প্রশ্ন করছিলেন। তাই তাঁকে দেখে অনেকের সন্দেহ হয়।
মহিলার নাম গুঞ্জা কপূর। কয়েকজন বিক্ষোভকারী তাঁকে তল্লাশি করেন। তাঁর কাছে একটি ক্যামেরা পাওয়া যায়। এরপরে কয়েকজন মহিলা তাঁকে ঘিরে ধরেন। এমন সময় সেখানে এসে পড়ে পুলিশ। তাঁকে সরিয়ে নিয়ে যায়। গুঞ্জা কপূর পরে জানান, তিনি ইউ টিউব চ্যানেল ‘রাইট ন্যারেটিভ’-এর সঙ্গে যুক্ত। সেই চ্যানেলটি ফলো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতা তেজস্বী সূর্য। তাঁকে রিপোর্টাররা প্রশ্ন করেন, আপনি ক্যামেরা নিয়ে এসেছেন কেন? তিনি বলেন, “আমি মিডিয়ার কোনও প্রশ্নের জবাব দেব না।”
একটি ভিডিও ক্লিপে দেখা যায়, কয়েকজন মহিলা গুঞ্জাকে ঘিরে আছে। পুলিশ তাঁদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত সপ্তাহে শাহিনবাগে বিক্ষোভস্থলের কাছে এক ব্যক্তি শূন্যে গুলি চালায়। তার নাম কপিল গুজ্জর। তার পরিবার জানিয়েছে, সে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। গত শনিবার কপিল ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে শাহিনবাগে গুলি চালায়। তার কাছেই নাগরিকত্ব আইনের বিরোধীরা অবস্থান করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ দাবি করে, কপিল আম আদমি পার্টির সদস্য। তার ফোনের একটি ছবিও রিলিজ করা হয়। তাতে দেখা যায়, কপিল আপের টুপি পরে দাঁড়িয়ে আছে। আম আদমি পার্টির কয়েকজন নেতাকেও দেখা যাচ্ছে তাঁর সঙ্গে।
আপের নেতা সঞ্জয় সিং ও অতিশির সঙ্গে কপিলের ছবি দেখার পরেও তার বাবা গজে সিং বলেছেন, আমার ছেলের সঙ্গে ওই দলের কোনও সম্পর্ক নেই। আমার পরিবারের কেউ রাজনীতিতে যুক্ত নয়। গত লোকসভা ভোটের সময় আমাদের পাড়ায় আপ নেতারা প্রচারে এসেছিলেন। তখন আমরা অনেকে ওই দলের নাম লেখা টুপি পরেছিলাম। সেই ছবিটাই পুলিশ দেখাচ্ছে।