
শেষ আপডেট: 28 November 2023 16:58
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর নাম বদলে উনিশ-বিশ পাল্টে সেই প্রকল্পকেই নাকি চালু করা হয়েছে রাজ্যের নামে! শুধু তাই নয়, সেই প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে। এমনই অভিযোগ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই মামলার শুনানিতে মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকেকেই জরিমানা করার হুঁশিয়ারি দিলেন।
কমন সার্ভিস সেন্টার নামে ওই প্রকল্পটি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে কী কী সুযোগ সুবিধা মেলে তার ব্যাপারে পঞ্চায়েত স্তরে সাধারণ মানুষকে অবহিত করাই ছিল কমন সার্ভিস সেন্টারের উদেশ্য। তবে বিজেপির দীর্ঘদিনের অভিযোগ, সেই প্রকল্প বন্ধ করে দিয়ে রাজ্য 'বাংলা সহায়তা কেন্দ্র' নামে সেই একই প্রকল্প চালু করেছে।
সেই প্রকল্পের বিপুল টাকা নয়ছয় করা হয়েছে, এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ ছিল, প্রায় ৪০,০০০ কমন সার্ভিস সেন্টার রাজ্য নোটিফিকেশন দিয়ে বন্ধ করে বাংলা সহায়তা কেন্দ্রে পরিণত করেছে।
সেই মামলার শুনানিতে এদিন রাজ্যের কাছে হলফনামা তলব করেছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। ১২ ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। অন্যথায় ৫০ হাজার টাকা জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আদালত।
শুনানি চলাকালীন রাজ্যের প্রতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মন্তব্য, "সব কিছুকে রাজনীতির রঙ না দেওয়াই ভাল। এটা পিপলস ওয়েল ফেয়ার স্কিম। এই ক্ষেত্রে রাজ্যের ব্যবহার ডিজিটাল ইন্ডিয়ার বিরোধিতা করার মতো।"
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ ডিসেম্বর।