
শেষ আপডেট: 5 May 2024 11:42
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মধ্যে ফের রাজ্যের আরও একটি থানার আইসিকে বদল করল নির্বাচন কমিশন। এবার মালদহ জেলার হবিবপুর থানার আইসি কে সরানো হল। কমিশন জানিয়েছে, ভোটের কাজে আইসিকে আর ব্যবহার করা যাবে না।
এর আগে শনিবার ৬৭ ভগবানগোলা বিধানসভার অন্তর্গত রানিতলার ওসিকে (স্টেশন হাউস অফিসার) সরিয়ে ছিল কমিশন। তার আগের দিন অর্থাৎ শুক্রবার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দপুর এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার থানার ওসিকেও সরিয়েছে কমিশন।
সূত্রের খবর, হবিবপুর থানার দায়িত্ব কাকে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। রাজ্যকে তিনজন অফিসারের নাম পাঠাতে বলা হয়েছে। হবিবপুর থানার আইসিকে পুলিশ হেড কোয়ার্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশন এও জানিয়েছে, তাঁকে ভোটের কোনও কাজের সঙ্গে যুক্ত রাখা যাবে না।
আগামী ৭ মে তৃতীয় দফায় ভোট রয়েছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ এবং মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে। তার আগে আইসি বদলের ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি হবিবপুর থানা এলাকায় গোলমালের ঘটনা ঘটে। আইসির বিরুদ্ধে কমিশনে নালিশও গিয়েছিল। তারই জেরে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে ঘটনার নেপথ্যে কমিশনের পক্ষপাতিত্ব থাকতে পারে বলে মনে করছে শাসকদলের একাংশ। প্রসঙ্গত, শনিবারও নদিয়ার সভা থেকে কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।