দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তানে বন্দি ভারতীয় কুলভূষণ যাদবের হয়ে আন্তর্জাতিক আদালতে সওয়াল করছেন আইনজীবী হরিশ সালভে। সেজন্য তিনি ভারত সরকারের থেকে ফি নিচ্ছেন এক টাকা। প্রাক্তিন বিদেশমন্ত্রী হিসাবে সেই ফি মিটিয়ে দিতে চেয়েছিলেন সুষমা স্বরাজ। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর সঙ্গে হরিশ সালভের কথা হয়। সুষমা তাঁকে বুধবার সকালে আসতে বলেছিলেন। ফোনে কথা হওয়ার এক ঘণ্টা পরেই সুষমার মৃত্যু হয়। ফোনে কী কথা হয়েছিল, জানিয়েছেন আইনজীবী।
তাঁর কথায়, সন্ধ্যা আটটা বেজে ৫০ মিনিট নাগাদ আমি তাঁকে ফোন করি। তিনি বললেন, আমার বাড়িতে আসুন, আপনার এক টাকা ফি মিটিয়ে দেব। আমি বললাম, নিশ্চয় যাব। ওই ফি আমার কাছে খুবই দামি। তিনি বললেন, বুধবার ভোর ছ'টায় আসুন।
গত মাসে আন্তর্জাতিক আদালত রায় দেয়, নৌবাহিনীর প্রাক্তন কর্মী কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কনস্যুলেটের কর্মীদের দেখা করতে দিতে হবে। তাঁর মৃত্যুদণ্ডের বিষয়টিও আরও একবার খতিয়ে দেখা উচিত। যতদিন না তাঁর দণ্ডাদেশ রিভিউ করা হচ্ছে, ততদিন তাঁর মৃত্যুদণ্ড স্থগিত রাখতে হবে। সুষমা স্বরাজ বলেছিলেন, এই রায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বিরাট বিজয়।