
শেষ আপডেট: 8 January 2023 10:37
দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা কলকাতার বাগবাজারে (Baghbazar)। জোয়ারের সময় গঙ্গার ঘাটে সেলফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে গেল প্রথম বর্ষের পড়ুয়া এক ছাত্র (student drowned in Ganges)।
মৃত ছাত্রের নাম শেখ সৈয়দ। ১৮ বছর বয়সি ওই পড়ুয়া টালার শ্রীশচন্দ্র চৌধুরী লেনের বাসিন্দা। সে মণীন্দ্রচন্দ্র কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে বাগবাজার পাম্পিং স্টেশনের কাছে গঙ্গার ঘাটে ঘুরতে গিয়েছিল সে। সকলে মিলে সেখানে সেলফি তুলতে শুরু করে। বন্ধুরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছবি তুললেও সৈয়দ লকগেটের কাছে নদীর ধারে রাখা স্ল্যাবের উপর উঠে ছবি তুলতে শুরু করে। একটা থেকে আর একটা স্ল্যাবে সে লাফিয়ে গিয়ে সেলফি তুলছিল বলে জানিয়েছে তার বন্ধুরা।
সেই সময় গঙ্গায় জোয়ার আসার ফলে জলস্তর বাড়তে শুরু করে। স্ল্যাবগুলি ডুবে যায় তাতে। তখন চেষ্টা করেও আর পাড়ে উঠে আসতে পারেনি সৈয়দ। গঙ্গায় তলিয়ে যায় সে।
এদিকে রাত হয়ে গেলেও ছেলে বাড়িতে না ফেরায় নর্থ পোর্ট থানায় ডায়েরি করে সৈয়দের পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। বিপর্যয় মোকাবিলা দলও সৈয়দের খোঁজ করতে শুরু করে। কিন্ত ঘটনার ৪৩ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ওই ছাত্রের।
এদিকে ছেলে প্রায় দেড়দিন নিখোঁজ থাকায় ভেঙে পড়েছে সৈয়দের পরিবার। সৈয়দকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। ইচ্ছাকৃতভাবেই ছেলেকে গঙ্গায় ঠেলে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে, দাবি তাঁদের। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আমতার পুকুরে তৃণমূল কর্মীর দেহ, কপালে কাটা দাগ, খুনের অভিযোগ পরিবারের