সপ্তাহের শুরুতেই ফের জাঁকিয়ে শীত রাজ্যে। উত্তুরে হাওয়ার দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দ্রুত নামছে পারদ।
.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 January 2026 10:16
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতেই ফের কনকনে ঠান্ডা বাংলায়। কয়েক দিন আগে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও, সেই স্বস্তি যে ক্ষণস্থায়ী, তা স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর। নতুন সপ্তাহে ঢুকতেই পারদ নামতে শুরু করেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। আবহবিদদের পূর্বাভাস, এই সপ্তাহে আরও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।
রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৫ ডিগ্রি। কিন্তু উত্তুরে হাওয়ার দাপটে কাঁপুনি ধরিয়েছিল সকাল-সন্ধে। তার উপর রবিবার সকাল থেকেই কলকাতা ও শহরতলিতে আকাশ ছিল মেঘলা। রোদ না ওঠায় সূর্যের তাপ সরাসরি মাটিতে পৌঁছয়নি। আবহবিদরা বলছেন, এই মেঘই ঠান্ডা বাড়ার অন্যতম কারণ। তবে সোমবারের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হবে এবং ফের উত্তরের হাওয়া সক্রিয় হবে দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস জানাচ্ছে, ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বাংলার প্রায় সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তারপর সপ্তাহের বাকি দিনগুলিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি নীচে থাকবে। আপাতত বৃষ্টি হবে না। আবহাওয়া থাকবে শুষ্ক।
তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
এদিকে উত্তরবঙ্গে ঠান্ডার দাপট আরও বাড়বে। দার্জিলিংয়ে দু’-এক জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন কুয়াশার কড়া সতর্কতা রয়েছে।
কলকাতার ক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, বুধবারের মধ্যে ফের ধীরে ধীরে পারদ নামতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে শহরের ঠান্ডা আরও জোরালো হবে। অর্থাৎ নতুন সপ্তাহে শীতের কামড় থেকে আপাতত রেহাই নেই বঙ্গবাসীর।