আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমতে পারে। সকালে কুয়াশা ও শিশিরের সম্ভাবনা, উত্তরবঙ্গেও ঠান্ডা বাড়বে।

আবহাওয়া
শেষ আপডেট: 6 December 2025 11:45
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমী শীতল হাওয়ার প্রভাবে রাজ্যে ফের বেড়েছে ঠান্ডার অনুভূতি। আগামী সাত দিন জুড়ে আবহাওয়া থাকবে পুরোপুরি শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। দিনের তাপমাত্রা ইতিমধ্যেই অনেকটা নেমেছে এবং আরও সামান্য কমতে পারে বলে পূর্বাভাস। বিশেষ করে উইকেন্ডে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শীতের আমেজ আরও বাড়বে।
সকালে পড়তে পারে শিশির, সঙ্গে থাকতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। উপকূলের দিকে কুয়াশার ঘনত্ব তুলনামূলক বেশি হতে পারে। কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ এবং ত্রিপুরার ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি নতুন একটি প্রভাবশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই দুইয়ের সম্মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও নেমে এসেছে। আপাতত পাঁচ দিন বড় কোনও তাপমাত্রার পরিবর্তন না হলেও শীতের অনুভূতি বজায় থাকবে।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের নীচে। আপাতত আগামী পাঁচ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম এবং আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও ঠান্ডা বাড়বে। দার্জিলিংয়ে তাপমাত্রা রয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উইকেন্ডে পার্বত্য এলাকায়ও কুয়াশার সম্ভাবনা বাড়বে। মালদায় তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সকালবেলা কুয়াশার সম্ভাবনা বেশি।