আবহবিদরা বলছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি সুস্পষ্ট নিম্নচাপের আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরা সংলগ্ন এলাকা ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয়।

ছবি - এআই
শেষ আপডেট: 7 January 2026 19:56
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ছিল মরসুমের শীতলতম দিন (Kolkata Coldest Day)। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে (West Bengal Weather Update)। বুধবার কিঞ্চিৎ তাপমাত্রা বাড়লেও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস - এই ঠান্ডা এখনই থামছে না। দক্ষিণ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে।
আবহবিদরা বলছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি সুস্পষ্ট নিম্নচাপের (Low Depression) আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরা সংলগ্ন এলাকা ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। যদিও এই দুটি ব্যবস্থার কোনওটিই সরাসরি পশ্চিমবঙ্গের (West Bengal) ওপর প্রভাব ফেলবে না। তবে এদের সম্মিলিত প্রভাবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা হাওয়া বইবে, যার জেরে পারদ আরও নামবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। দিনের বেলাতেও উষ্ণতা কম থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি কম থাকতে পারে। উত্তরবঙ্গে এই পতন আরও বেশি - ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমান ও বীরভূমে বৃহস্পতিবার শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আরও ঠান্ডা পড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।
ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। ভোরের দিকে কোথাও কোথাও দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে নেমে ৫০ মিটারের কাছাকাছি পৌঁছতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীতের দাপট থাকবে। কলকাতা-সহ অধিকাংশ জেলায় সকাল ও ভোরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও উত্তর ২৪ পরগনায় কুয়াশার প্রভাব বেশি হতে পারে। বীরভূম ও পূর্ব বর্ধমানে কোল্ড ডে ও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আগামী তিন দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৬ ডিগ্রি কম থাকতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৮ জানুয়ারি পর্যন্ত 'কোল্ড ডে' পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং উঁচু এলাকায় তুষারপাতের ইঙ্গিতও দিয়েছে হাওয়া অফিস। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় বুধবার ও বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।