
শেষ আপডেট: 10 September 2023 06:37
দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৯। টেনিসের উঠতি তারকা কোকো গফকে (Coco Gauff) নিয়ে আলোচনা চলছিলই। ইউএস ওপেনে (US Open 2023) তিনি বাজিমাত করতে পারেন, এমন ভবিষ্যদ্বাণী অনেকেই করেছিলেন। শনিবার সেটাই সত্যিই হল। সেরিনা উইলিয়ামসের পথ ধরেই চ্যাম্পিয়ন হলেন মার্কিন তরুণী। সেরিনার মতো এত কম বয়েসে গ্রান্ড স্ল্যাম জেতা চাট্টিখানি কথা নয়।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনালে আরিনা সবালেনকার বিপক্ষে নেমেছিলেন কোকো। প্রথম সেটে ২-৬ পয়েন্টে পিছিয়ে পড়েন তিনি। কিন্তু দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ান মার্কিন তারকা। দ্বিতীয় ও তৃতীয় সেটে যথাক্রমে ৬-৩ ও ৬-২ ব্যবধানে বিপক্ষকে উড়িয়ে দেন কোকো।

বিশ্বের এক নম্বর টেনিস তারকা এরিনার বিরুদ্ধে কিছুটা পিছিয়েই কোর্টে নেমেছিলেন কোকো। প্রথম সেট অনায়াসেই জিতে যান এরিনা। তখনও কেউ ভাবতে পারেননি, ইউএস ওপেনের সিঙ্গলসে ফাইনালে শেষ হাসি হাসবেন কোকো।
গ্র্যান্ড স্ল্যাম জেতার কৃতিত্ব নিজের বাবাকেই দিলেন কোকো। বাবা কোরি গফের হাত ধরেই টেনিসে হাতেখড়ি কোকোর। মেয়ের জয়ে কান্না ধরে রাখতে পারেননি কোরিও। যা দেখে ম্যাচ শেষে কোকো বলেন, 'বাবাকে আমি প্রথম কাঁদতে দেখলাম। ফরাসি ওপেনে হারের পর আমি কাঁদলেও বাবা কাঁদেননি। কিন্তু আজ সেই বাঁধন ভেঙে গেছে। এই মানুষটা আমাকে প্রথমদিন থেকে সমর্থন করে আসছেন। আজও করছেন। আজকের দিন কখনও ভুলতে পারব না।'
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে বৃষ্টির ভ্রূকুটি! কমতে পারে ওভার, খেলা গড়াবে কি রিজার্ভ ডে-তে