দ্য ওয়াল ব্যুরো: করাচি থেকে রওনা দিয়েছে নৌকো। তাতে ঠাসা মাদক, অস্ত্রশস্ত্র। তামিলনাড়ুর উপকূলের কাছাকাছি আসতেই পাকড়াও করল ভারতের উপকূলরক্ষী বাহিনী। দেখা গেল, নৌকোয় চাপিয়ে ১০০ কিলোগ্রামের বেশি হেরোইন পাচার করছিল পাকিস্তান। সবটাই যাচ্ছিল শ্রীলঙ্কায়। সেখান থেকে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়া হত সেই মাদক।
পাকিস্তান থেকে জলপথে মাদক, অস্ত্রশস্ত্র পাচার হচ্ছে এমন খবর আগেই মিলেছিল। তাই তক্কে তক্কেই ছিল ভারতের উপকূলরক্ষী বাহিনী। জানা গেছে, গত ১৭ নভেম্বর করাচি থেকে রওনা দেয় ওই বোট। গন্তব্য ছিল শ্রীলঙ্কা।
উপকূলরক্ষী বাহিনীর এক অফিসার বলছেন, শ্রীলঙ্কা থেকে বোট পাঠানো হয়েছিল পাকিস্তানে। করাচি থেকে মাদক, অস্ত্র নিয়ে সেটি ফিরে আসছিল। তামিলনাড়ুর দক্ষিণ উপকূলে থুথুকুড়ির কাছ থেকে নৌকোটিকে আটক করা হয়। ৯৯ প্যাকেট হেরোইন ছিল নৌকোটিতে। ওজনে প্রায় ১০০ কিলোগ্রাম। ২০টি ছোট বাক্স ভর্তি সিন্থেটিক ড্রাগও ছিল। আর ছিল পাঁচটি ৯ এমএম পিস্তল। এইসবই শ্রীলঙ্কার পাচারকারীদের কাছে জমা করা হত। এরপরে সেখান থেকে পাঠানো হত অস্ট্রেলিয়া ও পশ্চিমের দেশগুলিতে।
থুথুকুড়ির বন্দরে আটক করে রাখা হয়েছে নৌকোটিকে। সূত্রের খবর, ক্যাপ্টেন সহ ৬ জন ক্রু মেম্বারকে জেরা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে নৌকোটি সানি ফার্নান্ডো নামে এক শ্রীলঙ্কার এক যুবকের। সে নেগোম্বো শহরের বাসিন্দা। খোঁজ করে জানা গেছে, মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত সানি। পাকিস্তানের এক মাদক পাচারকারী চক্রের সঙ্গে যোগ রয়েছে তার। এর আগেও পাকিস্তান থেকে মাদক ও অস্ত্র নিয়ে পাচার করেছে পশ্চিমের দেশগুলিতে। ঘটনার বিষয়ে শ্রীলঙ্কার নৌসেনার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে খবর।