
কয়লা দুর্নীতির চার্জশিট গঠন হল না
শেষ আপডেট: 9 August 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: একাধিক জটিলতায় পিছিয়ে যাচ্ছে কয়লাপাচার কাণ্ডের শুনানি। এক অভিযুক্ত অনুপস্থিত থাকায় শুক্রবারও এই মামলায় গঠন হয়নি। আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
চার্জশিটে ৫০ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে এক অভিযুক্ত সামশের হোসেনের আইনজীবী বলেন, "আমার মক্কেল শারীরিকভাবে অসুস্থ। তাই তিনি হাজির হতে পারেননি। এছাড়াও এদিন চার্জশিটে থাকা এক অভিযুক্তের কোম্পানির তরফ থেকে তার লিকুউডেটর আবেদন করেন। তিনি আদালতকে জানিয়েছেন, ওই কোম্পানি লিকুউডেশনে চলে গেছে। তাই আদালতকে এব্যাপারে কিছু জানানোর রয়েছে। তার এই আবেদন আদালত গ্রহণ করেন বিচারক। এদিন তাই মামলার শুনানি হয়নি। সবশেষে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েদেন, আগামী ৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিনই সিবিআইকে এই মামলার চার্জ গঠন করতে হবে। একইসঙ্গে সেদিন সবাইকে আদালতে হাজির থাকার নির্দেশও দিয়েছেন বিচারক। পাশাপাশি, ওই দিনই বেসরকারি কোম্পানির লিকুউডেটর আবেদনেরও শুনানি হবে।
সিবিআই আদালত সূত্রে জানাগিয়েছে, এদিন আদালতে অনুপ মাজি ওরফে লালা সহ মোট ৪৯ জন হাজির ছিলেন। আসানসোল আদালতের দুই আইনজীবী শেখর কুন্ডু ও সোমনাথ চট্টরাজ বলেন, "চার্জ গঠন করার কথা থাকলেও, তা হয়নি। এই মামলার পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন।"
এর আগে গত ৩ জুলাই এই মামলার চার্জশিট গঠন করার কথা ছিল। কিন্তু দুই কয়লা কারবারি তারকেশ্বর মণ্ডল ও মহম্মদ শাকিল গরহাজির থাকায় সেদিন তা সম্ভব হয়নি। এই দুজনের নাম সিবিআইয়ের পেশ করা দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে।