
শেষ আপডেট: 1 May 2025 16:09
দ্য ওয়াল ব্যুরো: ৫ মে মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই সুতি, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকা ঘুরে দেখবেন তিনি। হিংসা কবলিত এলাকায় গিয়ে কথা বলতে পারেন স্থানীয়দের সঙ্গে। সেই সঙ্গে তুলে দেবেন আর্থিক ক্ষতিপূরণ।
সফরকালে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন এবং রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে মুখ্যমন্ত্রী সুবিধা তুলে দেবেন বলে জানা যাচ্ছে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর।
জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের জন্য এখনও চূড়ান্ত কোনও জায়গা ঠিক হয়নি। সুতি বিধানসভার ছাবঘাটি ময়দানের কথা ভাবা হচ্ছে। গত ১৯ এপ্রিলও এই মাঠে মুখ্যমন্ত্রী এক প্রশাসনিক সভা করেছিলেন। যদি এই জায়গায় না হয় তাহলে কোথায় হবে, তা বোঝা যাচ্ছে না।
ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ওই দিন সামশেরগঞ্জ ও ধুলিয়ানে যাবেন। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন এহং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলবেন। তাঁদের হাতে তুলে দেবেন সহায়তা।
ওয়াকফের প্রতিবাদে উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। মৃত্যু হয় তিনজনের। এই ঘটনায় প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর উপস্থিতির দাবি উঠছিল এলাকায়। পশ্চিম মেদিনীপুরের এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ওই আবহেই জানিয়ে দিয়েছিলেন, মে মাসের প্রথম সপ্তাহে তিনি ধুলিয়ান ও সামশেরগঞ্জে যাবেন এবং অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকানদারদের সঙ্গে দেখা করবেন। একই সভায় তিনি ঘোষণা করেছিলেন, যাঁদের ঘরবাড়ি পুড়েছে, তাঁদের জন্য রাজ্য সরকারের আবাসন প্রকল্পে ঘর নির্মাণ করে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী যাবেন, ফলে জেলা প্রশাসনের তরফে প্রস্তুতি তুঙ্গে। কোন প্রকল্পের উদ্বোধন হবে এই সফর চলাকালীন, কোথায় শিলান্যাস হবে এবং কী কী সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে – এই নিয়ে প্রশাসনিক বিভাগগুলি এখন চূড়ান্ত ব্যস্ত। সেইসঙ্গে ধুলিয়ান পুরসভা এলাকার একাধিক রাস্তায় মেরামতির কাজও শুরু হয়েছে।
জানা গেছে, অন্যদিকে, সামশেরগঞ্জে হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি আলাদা তালিকা প্রস্তুত করা হচ্ছে। ওই এলাকায় প্রায় ৩০০ পরিবার ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁদের জন্য প্রশিক্ষণ ও প্রকল্প সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁদের হাতে বিশেষ সাহায্য তুলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।