
শেষ আপডেট: 28 October 2023 19:23
দ্য ওয়াল ব্যুরো: পায়ের সমস্যায় দীর্ঘদিন বেরোতে পারেননি তিনি। ৩৩ দিন পর পুজো কার্নিভালে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দীর্ঘ বিশ্রামে থাকাকালীন লক্ষ্মীপুজোয় লিখে ফেললেন নতুন কবিতা। বাংলার নারীশক্তিকে উৎসর্গ করে মমতা লিখছেন ‘আমার লক্ষ্মী’ কবিতা। যার প্রতিটি ছত্রে রোজকার জীবনে নারীদের বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।
‘আমার লক্ষ্মী’ কবিতায় নারীশক্তির কথা বলেছেন মমতা। মোট ২৪ লাইনের কবিতায় গ্রামবাংলার মেয়েদের কৃতিত্ব, সাফল্য সবকিছুই তুলে ধরেছেন তিনি। কবিতার শুরুতেই লিখেছেন—‘আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান/ আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।’
বাংলার মেয়েরা ক্রমাগত সাফল্যের শিখরে যেভাবে উঠে আসছেন সেই বিষয়টিই তিনি কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। বাংলার বহুল প্রচলিত প্রবাদ 'রূপে
লক্ষ্মী গুণে সরস্বতী'-মাথায় রেখেই যেন মুখ্যমন্ত্রীর এই কবিতা। সংসার সামলিয়ে কর্মজগতে মেয়েরা যেভাবে সাফল্য অর্জন করছে সেই বিষয়টিই কবিতার মাধ্যমে সম্বোধন করেছেন তিনি। তাই তো অদৃশ্য ডানা মেলে মেয়েদের সাফল্যের শিখরে পৌঁছানোকে মমতা ব্যাখ্যা করেছেন, ‘আমার লক্ষ্মী ডানা মেলে কখনো হয় পক্ষী’।
কোজাগরীর পুণ্যতিথিতে সকল রাজ্যবাসীর জন্য এক্স হ্যান্ডেলে শুভকামনা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে লক্ষ্মীপুজো উপলক্ষ্যে এদিন প্রকাশ করেছেন তাঁর নতুন কবিতা। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই কবিত।। চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর নতুন কবিতা নিয়ে। এর আগেও নানা বিষয় নিয়ে তিনি কবিতা লিখেছেন। ‘কবিতাবিতান’ নামে তাঁর একটি বইও আছে। এছাড়া মুখ্যমন্ত্রীর লেখালেখি নিয়ে প্রচুর বই প্রকাশিত হয়েছে। বিভিন্ন পরিস্থিতিতেই কলম তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।